সব ধরনের বই বিক্রয়ের ওপর থেকে ভ্যাট (মূল্য সংযোজন কর) প্রত্যাহার করেছে সরকার। ফলে এখন থেকে বই ক্রয়-বিক্রয়ে কোনো ধরনের ভ্যাট প্রদান করতে হবে না। গত ৩ মার্চ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভ্যাট বিভাগ এ সংক্রান্ত একটি বিশেষ আদেশ জারি করে। এতে বলা হয়, পুস্তক শিক্ষাব্যবস্থার একটি মৌলিক উপকরণ। বিদ্যমান ভ্যাট আইনেও এ বিষয়ে বলা আছে। সব ধরনের বই বিক্রয়ের ক্ষেত্রকে (যোগানদার) ভ্যাট থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
যোগাযোগ করা হলে এনবিআরের ভ্যাট বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ইত্তেফাককে বলেন, বিদ্যমান আইনেই বইয়ের ওপর ভ্যাট অব্যাহতি ছিল। কিন্তু মাঠ পর্যায়ে এ বিষয়ে অস্পষ্টতার কারণে কিছু জটিলতা সৃষ্টি হয়। এজন্য বিশেষ আদেশের মাধ্যমে বিষয়টি পরিষ্কার করা হয়েছে।
