জবির নারী শিক্ষার্থী শারীরিকভাবে লাঞ্ছিত থানায় মামলা

আপডেট : ০৭ মার্চ ২০২০, ০১:০৭

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) নাট্যকলা বিভাগের এক নারী শিক্ষার্থীকে শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সূত্রাপুর থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী শিক্ষার্থী। জড়িতদের দ্রুত বিচারের দাবি জানিয়েছে ছাত্র ইউনিয়ন।

মামলার এজহার থেকে জানা যায়, শুক্রবার সকালে কলতাবাজার থেকে ঐ নারী শিক্ষার্থী নাটকের রিহার্সেল করার জন্য ক্যাম্পাসে যাচ্ছিলেন। যাওয়ার পথে কবি নজরুল সরকারি কলেজের পেছনে তিন রাস্তার মোড়ে দুজন মোটর সাইকেল আরোহী তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে এবং জনসমাগমের পূর্বেই বখাটেরা মোটরসাইকেলে করে ঘটনাস্থল থেকে পলায়ন করে।

ভুক্তভোগী শিক্ষার্থী জানান, পরবর্তীতে সূত্রাপুর থানা পুলিশের তত্পরতায় ঘটনার সিসি টিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সিসি টিভি ফুটেজেও তাকে লাঞ্ছিত করার স্পষ্ট প্রমাণ আছে।

এ ব্যাপারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল জানান, আমাদের এক শিক্ষার্থী নির্যাতনের শিকার হয়েছে। এ ঘটনার সিসি টিভি ফুটেজটি আমরা সংগ্রহ করেছি। দ্রুতই দোষীদের শনাক্ত করে বিচারের আওতায় আনতে পুলিশ প্রশাসনের সঙ্গে সর্বদা যোগাযোগ রাখছি।

সূত্রাপুর থানার ওসি কাজী ওয়াজেদ বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে শারীরিক নির্যাতনের অভিযোগ আমরা পেয়েছি। এই ব্যাপারে ভুক্তোভোগী শিক্ষার্থী মামলা দায়ের করেছেন। সিসি টিভি ফুটেজ দেখে দোষীদের শনাক্তের চেষ্টা চলছে। দ্রুতই দোষীদের গ্রেফতার করতে পারব বলে আশা করছি।