রাজশাহী-৫ আসনে ধানের শীষ পেলেন নজরুল মণ্ডল

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৮, ২২:১৬

স্টাফ রিপোর্টার, রাজশাহী

রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে বিএনপি প্রার্থী নাদিম মোস্তফার ধানের শীষ প্রতীক ও মনোনয়নপত্র বাতিলের আদেশ বহাল রেখেছেন চেম্বার আদালত। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে নাদিম মোস্তফার আপিল আবেদনের শুনানি নিয়ে সোমবার চেম্বার বিচারপতি নুরুজ্জামান ননীর আদালত এ আদেশ দেন বলে জানিয়েছেন এ আসনে বিএনপির অপর প্রার্থী অধ্যাপক নজরুল ইসলামের ছেলে ব্যারিস্টার আবু বকর সিদ্দিক রাজন। তিনি জানিয়েছেন, অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডলকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।

এদিকে তাকে প্রতীক বরাদ্দ দিয়ে ওইদিন চিঠি দেয়া হয়েছে বলে জানিয়েছেন ব্যারিস্টার আবু বকর সিদ্দিক। তিনি জানান, ঋণ খেলাপীর দায়ে নাদিম মোস্তফার মনোনয়ন বাতিল নিশ্চিত জেনে প্রতীক বরাদ্দ নিয়ে তারা রিট করেছিলেন। নইলে এ আসনে বিএনপির প্রার্থী শূন্য হতো।

ব্যারিস্টার রাজন আরো বলেন, সোমবার তার বাবা নজরুল ইসলামকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। ইতোমধ্যেই পোস্টার ছাপানোও হয়েছে। প্রতীক পাওয়ার পর থেকে প্রচার-প্রচারণা শুরু করা হয়েছে। তিনি বলেন, নাদিম মোস্তফার মনোনয়নপত্র ও প্রতীক বরাদ্দ চ্যালেঞ্জ করে হাইকোর্টে পৃথক রিট আবেদন করা হয়। উভয় রিট আবেদনের শুনানি শেষে একটিতে হাইকোর্ট বেঞ্চ ঋণ খেলাপীর দায়ে নাদিম মোস্তফার মনোনয়নপত্র বাতিল করেন। অপরটিতে তার ধানের শীষ প্রতীক বরাদ্দ বাতিল করে অধ্যাপক নজরুল ইসলামকে দেয়ার আদেশ দেন। তবে হাইকোর্ট বেঞ্চের এ আদেশ স্থগিত চেয়ে চেম্বার আদালতে আপিল করেন নাদিম মোস্তফা। সোমবার দুপুরে আপিলের শুনানি শেষে হাই কোটের আদেশ বহাল রাখেন চেম্বার আদালতের বিচারপতি। এ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হচ্ছেন আওয়ামী লীগের ডা. মনসুর রহমান (নৌকা), বিএনপির অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল (ধানের শীষ), জাতীয় পার্টির অধ্যাপক আবুল হোসেন (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশের রুহুল আমীন (হাতপাখা) ও জাকের পার্টির শফিকুল ইসলাম (গোলাপ ফুল)।