প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সুখী-সমৃদ্ধশালী বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার জন্য ১৪ দলের অন্যতম শরীকদল জেপি’র বাইসাইকেল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানিয়েছেন জাতীয় পার্টি-জেপি’র সাধারণ সম্পাদক ও সাবেক শিক্ষামন্ত্রী শেখ শহীদুল ইসলাম। গতকাল মঙ্গলবার বিকালে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে ঢাকা-৬ আসনে জেপি’র প্রার্থী সৈয়দ নাজমুল হুদার এক নির্বাচনী সমাবেশে তিনি এ কথা বলেন।
শেখ শহীদ বলেন, দেশকে উন্নয়ন ও প্রগতির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আগামী নির্বাচনে বিজয়ী হয়ে শেখ হাসিনার নেতৃত্বে ১৪ দলীয় জোট সরকার গঠন করবে। জনগণের সেটাই প্রত্যাশা। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার জন্য এবং মুক্তিযুদ্ধের চেতনাকে প্রতিষ্ঠার জন্য শেখ হাসিনার নেতৃত্বের বিকল্প নেই বলে উল্লেখ করেন তিনি।
তিনি ঢাকা-৬ আসনের জেপি প্রার্থী সৈয়দ নাজমুল হুদার সততা-নিষ্ঠা ও কর্মদক্ষতার জন্য তাকে বাইসাইকেল প্রতীকে ভোট দেওয়ার জন্য জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান।
তিনি বলেন, অতীতে যারা সন্ত্রাস, নৈরাজ্য, সাম্প্রদায়িকতা এবং জঙ্গিবাদের জন্ম দিয়েছিল আগামী নির্বাচনে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে। অতীতে যেমন বাঙালি ভোটাধিকার প্রয়োগে ভুল করেনি এবারও তারা সঠিক প্রতিনিধি নির্বাচন করতে ভুল করবে না। — প্রেস বিজ্ঞপ্তি
