ইত্তেফাক রিপোর্ট
নির্বাচনকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও অনান্য ওয়েবসাইটে গুজব ছড়ানোর অভিযোগে এক নারীসহ দুইজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-২)। আটককৃতরা হলেন, মুক্তা চৌধুরী ওরফে মনি চৌধুরী ওরফে উষা মুক্তা উষা ও মোফাছে্ছল হোসেন। তাদের রাজধানীর তেজগাঁও ও শেরেবাংলা নগর এলাকা থেকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে র্যাব-২ এর অপারেশন অফিসার এএসপি মোহাম্মদ সাইফুল মালিক এ তথ্য জানান।
এএসপি মোহাম্মদ সাইফুল বলেন, আটককৃত এই দুইজন সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারবিরোধী মিথ্যা ও কুরুচিপূর্ণ তথ্য প্রচার করে আসছিল। এছাড়া, গুজব ছড়ানোর মাধ্যমে নির্বাচন কমিশন, সেনাবাহিনী ও বাংলাদেশ পুলিশ সম্পর্কে জনমনে বিভ্রান্তি ও অসন্তোষ ছড়ানোর চেষ্টা করছিল। তারা জাতির জনক বঙ্গবন্ধুসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে তার কণ্ঠের মতো করে ভয়েস দিয়ে উসকানিমূলক তথ্য সন্নিবেশ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছে। নানা ধরনের গুজব ছড়িয়ে তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নাশকতার মাধ্যমে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চালিয়েছে। এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।
