ইত্তেফাক রিপোর্ট
চাঁদপুর-৪ আসনের (ফরিদগঞ্জ) জাতীয় সংসদ নির্বাচন স্থগিত করে পুনঃতফসিল দাবি করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের মনোনীত প্রার্থী আবদুল হান্নান। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান। তার ভাষায় তিনি একটি ব্যাংকের পরিচালক। তার সিবিআই রিপোর্ট পরিষ্কার। কোথাও তিনি ঋণ খেলাপি নন। নির্বাচন কমিশন তার প্রার্থিতা বহাল রেখে প্রতীক বরাদ্দ দিয়েছে। তিনি প্রচারণা চালাচ্ছেন। এ সময় সোনালী ব্যাংক ২০০০ সালের একটি জারি মামলার চার নম্বরে তার নাম আছে উল্লেখ করে তার প্রার্থিতা স্থগিতের আবেদন করে। যা সম্পূর্ণ অন্যায় ও অবৈধ। ব্যাংকিং আইন, আরপিও, কোনোভাবে তার প্রার্থিতা বাতিলের সুযোগ নেই। আদালতে তিনি সম্পূর্ণভাবে ন্যায়বিচার বঞ্চিত হয়েছেন।
