সাভারে শ্রমিক কলোনিতে আগুন সাত কক্ষ ছাই

আপডেট : ০৭ মার্চ ২০২০, ২২:৩০

ইত্তেফাক রিপোর্ট

সাভারের আশুলিয়ায় আগুনে পুড়ে গেছে একটি শ্রমিক কলোনির সাতটি কক্ষ। গতকাল শনিবার দুপুরে আশুলিয়ার ডেন্ডাবর মধ্যপাড়া এলাকার একটি শ্রমিক কলোনিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

শ্রমিক কলোনির বাসিন্দারা জানায়, দুপুরে কলোনির একটি কক্ষ থেকে হঠাত্ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন অন্যান্য কক্ষে ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততোক্ষণে শ্রমিক কলোনির সাতটি কক্ষ এবং ভেতরে থাকা সমস্ত মালামাল পুড়ে যায়।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে শ্রমিক কলোনিতে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।