ক্রিকেটার মিরাজের বাসায় চুরির ঘটনায় যুবক গ্রেফতার

আপডেট : ০৮ মার্চ ২০২০, ০০:৩৯

ক্রিকেটার মেহেদী হাসান মিরাজের রাজধানীর মিরপুর এলাকার বিজয় রাকিন সিটির বাসায় চুরির ঘটনায় সোহেল রানা নামে এক যুবককে গ্রেফতার করেছে কাফরুল থানা পুলিশ। গ্রেফতারকৃত সোহেল রানা রাকিন সিটিতে ফায়ার এসিস্ট্যান্ট হিসেবে কাজ করতেন বলে জানিয়েছে পুলিশ। গত বুধবার তাকে গ্রেফতার করা হয়।

গতকাল শনিবার মামলার তদন্তকারী কর্মকর্তা কাফরুল থানার এসআই ইমদাদুল হক বলেন, বুধবার বিকাল সাড়ে ৫টায় বিজয় রাকিন সিটিতে অভিযান চালিয়ে রানাকে গ্রেফতার করা হয়। অভিযানের সময় গ্রেফতারকৃত সোহেল রানার পল্লবীর বাসা থেকে চোরাই প্রায় ১৩ ভরি স্বর্ণালংকার, ১২ আনা ডায়মন্ড ও ১৬ ভরি ইমিটেশনের গহনা উদ্ধার করা হয়। তিনি বলেন, গ্রেফতারের পর বৃহস্পতিবার তাকে আদালতে পাঠালে সেখানে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় রানা। পরে আদালত তাকে কারাগারে পাঠায়। তার অন্য সহযোগীদের গ্রেফতার ও বাকি চোরাই মালামাল উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

গত ২০ ফেব্রুয়ারি ক্রিকেট খেলায় অংশ নিতে পরিবারের সদস্যদের নিয়ে বাসা থেকে হোটেলে যান মিরাজ। খেলা শেষে বাসায় ফিরে দেখেন ঘরের তালা ভাঙা। ভেতরে সব তছনছ। সেই সঙ্গে নগদ অর্থ ও স্বর্ণালংকার চুরি হয়েছে। পরে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মেহেদী হাসান মিরাজ।