আমরা মুক্ত দেশ মুক্ত গণতন্ত্র চাই :ফখরুল

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৮, ২২:২৯

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা মুক্ত দেশ মুক্ত গণতন্ত্র চাই। গতকাল মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের ভুলতা, তারাব ও কাঞ্চন এলাকায় পথ সভায় তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করে দেশনেত্রী বেগম-খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। এ নির্বাচনে সিদ্ধান্ত হবে বেগম খালেদা-জিয়া মুক্তি পাবেন কি পাবেন না। এ সরকার জনগণের ওপর অত্যাচার, নির্যাতন চালাচ্ছে। শুধু তাই নয়, এ সরকারের আমলে অসংখ্য নেতাকর্মীর ওপর অত্যাচার, জুলুম, নির্যাতন চলছে। মিথ্যা মামলা দেয়া হয়েছে। এ জন্যই গণতন্ত্রকে মুক্ত করা প্রয়োজন। গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে আগামী ৩০ ডিসেম্বর ধানের শীষে ভোট দিয়ে কেন্দ্র থেকে ফলাফল নিয়ে বাড়ি ফিরতে হবে।

তিনি উল্লেখ করেন, নির্বাচনে বিজয়ী হলে যুবকদের জন্য চাকরির ব্যবস্থা করা হবে, যতদিন চাকরি না হবে ততদিন যুবকদের ভাতা প্রদান করা হবে। মেয়েদের বিএ, বিকম, বিএসসি পর্যন্ত বিনা বেতনে পড়ার সুযোগ দেয়া হবে।

পথসভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির, বেগম খালেদা-জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, তারাব পৌর বিএনপির সভাপতি নাছির উদ্দিন ভুঁইয়া, কেন্দ্রীয় যুবদল নেতা আশরাফুল হক রিপন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার সাদাত সায়েম, সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান, জেলা ছাত্রদল নেতা আমিরুল ইসলাম ইমন প্রমুখ।