করোনা ভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে ইতালির উত্তরাঞ্চলীয় লোম্বার্দি অঞ্চল এবং আরো ১৪টি প্রদেশের এককোটি৬০ লাখ মানুষকে সঙ্গরোধ বা কোয়ারেন্টাইন করে রাখার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। রবিবার ইতালির প্রধানমন্ত্রী জিউসেপ কোঁতের এমনটি জানান।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, এপ্রিল পর্যন্ত ওই প্রদেশগুলোর বাসিন্দারা অবরুদ্ধ অবস্থায় থাকবেন। এই অবরুদ্ধের আওতায় ইতালির বানিজ্যিক প্রাণকেন্দ্র মিলান এবং পর্যটন নগরী ভেনিসও অবরুদ্ধ থাকবে বলে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে।
সরকারের দেয়া তথ্যমতে ইতালির মোডেনা, পারমা, পিয়েনজা, রেজিও এমিলিয়া, রিমিনি, পেসারো এবং উরবিনো, আলেসান্দ্রিয়া, আস্তি, নোভারা, ভার্বানো কুসিও ওসোলা, ভেরসেলি, পদুয়া, ট্রেভিসো এবং ভেনিস প্রদেশে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে।
ইউরোপের দেশগুলোর মধ্যে ইতালিতে করোনা ভাইরাস সবচেয়ে ভয়াবহ রূপ ধারণ করেছে । গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা ভাইরাসে দেশটিতে কমপক্ষে ৫০ জন নিহত হয়েছেন। আর এই ভাইরাসে এখন পর্যন্ত ইতালিতে ২৩০ জন মারা গেছেন। এছাড়া শনিবার একদিনেই ইতালিতে আক্রান্ত হয়েছেন আরো ১২শ জন। এই নিয়ে ইতালিতে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ৫ হাজার৮শ৮৩ জনে দাঁড়িয়েছে । এছাড়া ইতালিতে প্রায় ৫০ হাজার মানুষকে সঙ্গরোধ করে রাখা হয়েছে।
ইত্তেফাক/এআর
