করোনা নিয়ে উদ্বিগ্ন নন ট্রাম্প

আপডেট : ০৮ মার্চ ২০২০, ১৩:১৬

করোনা ভাইরাস নিয়ে একদমই উদ্বিগ্ন নন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। করোনা ভাইরাসের জন্য কোন নির্বাচনী প্রচারণা থামানোর ইচ্ছা নেই বলেও জানিয়েছেন তিনি । শনিবার ফ্লোরিডায় সাংবাদিকদের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমনটি জানান। 

এসময় ট্রাম্প বলেন, আমরা চমৎকার প্রচারণা চালাবো এবং আমরা ভালো করছি। ট্রাম্পের এমন কথার একদিন আগেই মার্কিন হোয়াইট হাউজের খুব কাছেই একজন করোনা আক্রান্ত রোগী পাওয়া গেছে।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে আরো দুজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে। এদিকে করোনা ভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জরুরি অবস্থা জারি করা হয়েছে। যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে প্রায় চার'শ জন আক্রান্ত হয়েছেন।  

পুরো বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়িয়েছে। এছাড়া এই ভাইরাসে প্রাণ হারিয়েছেন প্রায় সাড়ে তিন হাজার মানুষ। 

ইত্তেফাক/এআর