জান-ই-আলম
আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের নেতৃত্বে মাহমুদউল্লাহ রিয়াদের অভিষেক ২০১৮ সালের জানুয়ারিতে। সাকিব আল হাসানের ইনজুরিতে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট দিয়ে অধিনায়ক মাহমুদউল্লাহ আত্মপ্রকাশ করেন। গত দুই বছরে খণ্ডকালীনভাবে টেস্ট, টি-২০ তে টাইগারদের নেতৃত্ব দিয়েছেন তিনি। ৬ টেস্ট, ১০ টি-২০’র মধ্যে ৩টিতে জয় এসেছে। গত বছরের শেষ দিকে ফিক্সিংয়ের কারণে সাকিব নিষিদ্ধ হওয়ায় খুদে সংস্করণের নেতৃত্বটা পাকাপাকিভাবে এসেছে মাহমুদউল্লাহর হাতে।
সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষান্তে আইসিসি টি-২০ বিশ্বকাপেও বাংলাদেশের অধিনায়কের দায়িত্বটা তার কাছেই থাকছে। বিশ্বকাপের আগে ঘরের মাঠে শেষ টি-২০ সিরিজ খেলতে নামছে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে আজ মাঠে নামবে মাহমুদউল্লাহর দল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে আজ সন্ধ্যা ৬টায়।
বিশ্বকাপে নেতৃত্বের দায়িত্বটা পাকা ধরেই টি-২০ দলটা গোছানোর কাজে হাত দিতে চান মাহমুদউল্লাহ। প্রথমত, অধিনায়ক হিসেবে দলের ক্রিকেটারদের কাছে বিশ্বাস অর্জনই তার মূল টার্গেট। পারফরম না করা, বাদ পড়ার চিন্তার চাপকে বড়ো হতে না দিয়ে বরং সতীর্থদের স্বাধীনতা দিতে চান তিনি। আজ থেকে শুরু হতে চলা সিরিজেই দলের মাঝে এই বিশ্বাসটাই ছড়িয়ে দেয়ার লক্ষ্য মাহমুদউল্লাহর।
গতকাল মিরপুর স্টেডিয়ামে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘আমি সবসময় যেটা বিশ্বাস করি প্লেয়ারদের কাছ থেকে ওই বিশ্বস্ততা পেতে। ওরাও যেন অধিনায়ক হিসেবে আমাকে বিশ্বাস করতে পারে। কারণ টি-টোয়ন্টি ফরম্যাটটা এমন যে এক-দুইটা ম্যাচ হয়ত খারাপ হতে পারে। তার মানে এই না সে অনিশ্চয়তা বোধ করবে। আমার মনে হয় যে অধিনায়ক হিসেবে আমার একটি দায়িত্ব আছে। যাতে করে তারা নিশ্চয়তা বোধ করে এবং স্বাধীনতা নিয়ে খেলতে পারে। আমার কাছে এই পরিকল্পনাগুলো গুরুত্বপূর্ণ।’
জিম্বাবুয়ের বিপক্ষে এই সিরিজে বিশ্বকাপের ছক মাথায় রেখেই এগুবে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। অধিনায়কের কথায় মিলল সেই সুর। গতকাল মাহমুদউল্লাহ বলেছেন, ‘আমার মনে হয়, কারণ টি-টোয়ন্টি বিশ্বকাপও খুব বেশি দিন দূরে নেই। আমার মনে হয় এটা একটা সঠিক সময় যাতে করে আমরা দলটা ভালোভাবে করতে পারি। প্রতিটি ম্যাচই যদি আমরা স্টেপ বাই স্টেপ খেলতে পারি ও জিততে পারি তাহলে বিশ্বকাপ পর্যন্ত আমাদের একটা আত্মবিশ্বাস গড়ে উঠবে।’
সব দিক থেকে ক্রিকেটারদের সমর্থন দিতে চেষ্টা করবেন মাহমুদউল্লাহ। যা সবাইকে পারফরম করতে আত্মবিশ্বাসী করে তুলবে বলে মনে করেন টি-২০ অধিনায়ক। গতকাল তিনি বলেছেন, ‘সত্যি বলতে আমার মনে হয় টিমের প্রতি বিশ্বাসটা গড়ে তোলা গুরুত্বপূর্ণ। যাতে প্লেয়াররা ফিল করতে পারে অধিনায়কের, কোচের ও টিম ম্যানেজমেন্টের সাপোর্টটা আছে। আমার মনে হয় এটা প্লেয়ারদের পারফর্ম করতে সাহায্য করে। তাছাড়া অনেকসময় পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং করার সুযোগও কম থাকে। আমি অধিনায়ক হিসেবে এগুলো খুঁজে বের করব এবং আমি চেষ্টা করব আমার তরফ থেকে ওই সমর্থনটা যেন প্লেয়াররা পায়।’
বিশ্বকাপের আগে সাকিবকে পাবে না বাংলাদেশ। ইনজুরি কাটিয়ে ফিরেছেন পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিন। মাহমুদউল্লাহর মতে, এই সিরিজ থেকেই দলটা ভারসাম্যপূর্ণ হবে। টি-২০ অধিনায়ক বলেছেন, ‘কৌশলগত দিক নিয়ে কোচের সঙ্গে কথা হয়েছে। আমি বেশ পরিষ্কার। আমি কি চাচ্ছি, কোচ কি চাচ্ছে। আমি আশা করি, যারা খেলবে তারা পজিশন অনুযায়ী খেলবে। যেহেতু সাইফউদ্দিন ঢুকেছে আমার মনে হয় দলের অবস্থা আগের চাইতে ভালো।’
