মেহেরপুর প্রতিনিধি
গতকাল শনিবার রাতে মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুর বাজারে নিজ গোডাউন থেকে হাত-পা বাঁধা অবস্থায় সুবল চন্দ্র (৬২) নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত সুবল চন্দ্র মহাজনপুর গ্রামের বুদু কুরির ছেলে। তিনি মহাজনপুর বাজারে সার, সিমেন্ট ও সিলিন্ডার গ্যাসের ব্যবসা করতেন। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। স্থানীয়রা জানান, মহাজনপুর বাজারে সুবল চন্দ্রের দোতলা বাড়ির নিচ তলায় অবস্থিত সারের গোডাউনে তার লাশ পাওয়া যায়। খবর পেয়ে কোমরপুর আইসি ক্যাম্প ও মুজিবনগর থানার পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নেয়। রবিবার দুপুরে মেহেরপুর মর্গে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মুজিবনগর থানার ওসি আব্দুল হাশেম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। কয়েকটি মোটিভকে ভিত্তি করে তদন্ত শুরু করা হয়েছে। যত দ্রুত সম্ভব তদন্তের মাধ্যমে হত্যার কারণ উদঘাটন করে দোষীদের আইনের আওতায় আনা হবে।
