টেস্ট, ওয়ানডেতে বাংলাদেশের সামনে পাত্তাই পায়নি জিম্বাবুয়ে। স্বাগতিকদের পারফরম্যান্সের দাপটে দুই ফরম্যাটের চার ম্যাচেই হেরেছে সফরকারীরা। সফরের শেষান্তে এসে ক্রিকেটের খুদে ফরম্যাটে মুখোমুখি হবে দুই দল। ফরম্যাটটা টি-টোয়েন্টি বলেই হারের বৃত্ত ভাঙার আশা করছে জিম্বাবুয়ে। বাকি দুই ফরম্যাটের মতো টি-টোয়েন্টিতেও দাপট ধরে রাখতে চায় বাংলাদেশ। নিজেদের ক্রিকেটটা খেলতে পারলেই জয় আশা করছেন বাংলাদেশের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে আজ জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়।
গতকাল দুপুরের পর মিরপুর স্টেডিয়ামে অনুশীলন করে বাংলাদেশ দল। তার আগে সকালে অনুশীলন করেছে জিম্বাবুয়ে। প্রতিপক্ষকে হালকাভাবে নিচ্ছেন না মাহমুদউল্লাহ। গতকাল ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশের অধিনায়ক বলেছেন, ‘জিম্বাবুয়ে খুবই ভালো টিম এবং এই ফরম্যাটে তারা খুব ভালো ক্রিকেট খেলছে। আবার আমরা টেস্ট ও ওয়ানডে সিরিজে যে রকম ক্রিকেট খেলছি, যে রকম কনফিডেন্ট ক্রিকেট খেলেছি, ঐ রকম ক্রিকেট খেলতে পারলে আশা করি আমরা সাফল্য পাব।’
পরিসংখ্যান অবশ্য বাংলাদেশের পক্ষে থাকছে। এই ফরম্যাটে দুই দলের ১৭ ম্যাচে বাংলাদেশের জয় ৭টি, জিম্বাবুয়ের ৪টি। তারপরও হোম কন্ডিশনে ইতিবাচক ক্রিকেট খেলার দিকেই নজর দিচ্ছেন মাহমুদউল্লাহ। তিনি বলেছেন, ‘আমাদেরও খুব ভালো ক্রিকেট খেলতে হবে। আমাদের ইতিবাচক মানসিকতা নিয়ে আসতে হবে। কারণ আমরা যদি সহজভাবে ম্যাচটাকে নিই, আমাদের জন্য খারাপ হবে।’ টি-টোয়েন্টি ফরম্যাটে মিরপুরেও রানের উত্সব আশা করছেন মাহমুদউল্লাহ। তার মতে, অন্তত ১৮০ রান হতে পারে।
জিম্বাবুয়ের ভারপ্রাপ্ত অধিনায়ক শন উইলিয়ামস অবশ্য টেস্ট, ওয়ানডের ব্যর্থতা ভুলে মনোযোগ দিতে চান টি-টোয়েন্টিতে। গতকাল তিনি বলেছেন, ‘অন্য দুই সংস্করণ এখন অতীত। আমাদের পূর্ণ মনোযোগ টি-টোয়েন্টিতে। আমরা জিততে পারি। যেটা বলেছি, দুটি বলই টি-টোয়েন্টিতে পার্থক্য গড়ে দিতে পারে। আমরা তামিমকে দ্রুত ফেরাতে পারলে যে কোনো কিছুই হতে পারে।’
