করোনা ভাইরাসের জন্য কর্ণফুলী নদীর তলদেশে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের কাজে সময়ক্ষেপণ হবে না বলে জানিয়েছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল রবিবার তিনি বঙ্গবন্ধু টানেল প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু টানেল প্রকল্প প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকারমূলক প্রকল্প। এ প্রকল্পের কাজ তার নিজস্ব গতিতে এগিয়ে চলছে। করোনা ভাইরাসের জন্য এখন পর্যন্ত এ প্রকল্পের কাজের কোনো ধরনের সময়ক্ষেপণ হচ্ছে না। এ প্রকল্পে ২৯৩ জন চীনা নাগরিক কর্মরত রয়েছেন। এর মধ্যে ৭২ জন ছুটিতে গেছেন, ৪৫ জন ফিরে এসেছেন এবং কোয়ারেন্টাইন শেষ করে ২৭ জন কাজে যোগদান করেছেন। তিনি বলেন, নদী রোরিং-এর কাজ ১ হাজার ২২৮ মিটার শেষ হয়েছে। এখন পর্যন্ত মূল প্রকল্পের ৫১ শতাংশ কাজ শেষ হয়েছে। এ ধারা অব্যাহত থাকলে টানেলটি আগামী ২০২২ সালে যান চলাচলের উপযোগী হবে।
আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন নিয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, পার্টির জেনারেল সেক্রেটারি হিসেবে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আমার সহযোগিতা করার প্রয়োজন রয়েছে। চট্টগ্রামে নির্বাচন কমিটিতে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা বিষয়টা দেখবেন। সমস্যা মনে হলে তারাই সমাধান করে দেবেন। চট্টগ্রামের নির্বাচন সংক্রান্ত যে কোনো বিষয় চট্টগ্রামেই সমাধান হবে। এ সময় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, সংসদ সদস্য মোসলেমউদ্দিন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মুহম্মদ আনিসুর রহমান, চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপপ্রচার সম্পাদক মো. আমিনুল ইসলাম আমিন, বঙ্গবন্ধু টানেলের প্রকল্প পরিচালক মো. হারুন অর রশিদ চৌধুরী উপস্থিত ছিলেন।
