ছাত্র ও শিক্ষকসহ সড়ক দুর্ঘটনায় নিহত ৮

আপডেট : ০৮ মার্চ ২০২০, ২২:৪০

ইত্তেফাক ডেস্ক

স্কুলছাত্র ও মাদ্রাসা শিক্ষকসহ বিভিন্নস্থানে সড়ক দুর্ঘটনায় আট জন নিহত হয়েছেন। শনিবার ও গতকাল রবিবার এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর-

মেহেরপুর : সদর উপজেলার আমদহ গ্রামের বিশ্বাসপাড়ায় গতকাল ট্রাক চাপায় ফারুক হোসেন (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ফারুক একই পাড়ার ফিরোজ শেখের ছেলে এবং স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।

পার্বতীপুর (দিনাজপুর) : পার্বতীপুরে পিকনিকের বাস চাপায় মোটরসাইকেল আরোহী মোজাম্মেল হক (৬০) নামে এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। গতকাল পার্বতীপুর বাসটার্মিনালের পূর্বে বাইপাস চৌরাস্তার মোড়ে ফুলবাড়ী সড়কে এ দুর্ঘটনা ঘটে। মোস্তফাপুর ইউনিয়নের আরজি দেবীপুর শিয়ালকোট আলিম মাদ্রাসার আরবী প্রভাষক এবং একই ইউনিয়নের আমবাড়ীর বড়দল গ্রামের বাসিন্দা।

সীতাকুণ্ড (চট্টগ্রাম): সলিমপুর ইউনিয়নস্থ কালুশাহ্ নগরে অবস্থিত শাহজালাল সার্ভিসিং সেন্টার নামক প্রতিষ্ঠানের নিরাপত্তা কর্মী মো. রুহুল আমিন (৬০) শনিবার অজ্ঞাত গাড়ি চাপায় নিহত হয়েছেন। তিনি নোয়াখালি জেলার বেগমগঞ্জ উপজেলার খালিসাপুর গ্রামের বাসিন্দা।

 চৌগাছা: ইঞ্জিনচালিত আলম সাধু নিয়ন্ত্রণ হারিয়ে শরিফুল ইসলাম (৩০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শরিফুল উপজেলার বুড়িন্দিয়া গ্রামের রাশেদ আলীর ছেলে। গতকাল পলুয়া গ্রামে মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

গোদাগাড়ী (রাজশাহী): রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ক উপজেলার রেলগেট বাইপাস সড়কে শনিবার বাস চাপায় অজ্ঞাত নারী নিহত হয়েছেন।

দোহার-নবাবগঞ্জ (ঢাকা): নবাবগঞ্জ উপজেলার বান্দুরা ব্রিজের উপর গতকাল দেলোয়ারা বেগম (৭০) নামে একজনের মৃত্যু এবং তার মেয়ে আহত হয়েছেন। দেলোয়ারা উপজেলার শিকারীপাড়া ইউনিয়নের গরীবপুর গ্রামের রফিকের স্ত্রী।

বালিয়াকান্দি (রাজবাড়ী): বালিয়াকান্দি সদর ইউনিয়নের টিএনটিতে শনিবার পেঁয়াজ বোঝায় ট্রাক উল্টে এনায়েত সরদার (৫০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এনায়েত সরদার সাতক্ষীরা জেলার তালা উপজেলার জেটুয়া গ্রামের বাসিন্দা।

পীরগাছা (রংপুর): উপজেলার ছাওলা ইউনিয়নের বেলতলীতে গতকাল অটোভ্যান চাপায় সানজিদা আক্তার নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সানজিদা উপজেলার ছাওলা ইউনিয়নের তাজতালুক গ্রামের সাজেদুল ইসলামের মেয়ে।