বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির কাছে স্মারকলিপি দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। গতকাল রবিবার দুপুরে ভিসি কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেন নেতারা। এ সময় ভিসিকে খালেদা জিয়ার মুক্তির জন্য সুপারিশ করার আহ্বান জানান তারা।
স্মারকলিপিতে বলা হয়, বেগম খালেদা জিয়া সরকারের দায়ের করা মিথ্যা মামলায় গত দুই বছর যাবত্ কারাগারের নির্জন প্রকোষ্ঠে আছেন। তার শরীরের অবস্থা অনেকটাই নাজুক। তিনি সবদিক বিবেচনায় জামিন পাওয়ার যোগ্য হলেও জামিন দেওয়া হচ্ছে না। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব এবং সদস্য সচিব মো. আমানউল্লাহ আমানের নেতৃত্বে স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সিনিয়র সহসভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণসহ তিন শতাধিক নেতাকর্মী।
