পথশিশুদের সঙ্গে মঞ্চে হাঁটলেন বিবি রাসেল

আপডেট : ০৯ মার্চ ২০২০, ১৯:৩৮

l চট্টগ্রাম অফিস

 

কারো বয়স ছয়, কারো নয়, কারো আবার দশ। এমন নানা বয়সের অধিকারবঞ্চিত শিশুদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে ফ্যাশন ফর লাইফ। গত শুক্রবার রাতে সিআরবির শিরীষতলায় এই শিশুদের নিয়ে র্যাম্পে হেঁটেছেন বিশ্বখ্যাত ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল। ভিন্নধর্মী এই আয়োজনে অধিকারবঞ্চিত শিশুদের নিয়ে ফ্যাশন শো ছাড়াও ছিলো ক্রীড়া, চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক প্রতিযোগীতা।

ফ্যাশন ফর লাইফ পঞ্চম বারের মতো এই অনুষ্ঠান আয়োজন করেছে। অনুষ্ঠানে বিবি রাসেল ছাড়াও শিশুদের সঙ্গে একই মঞ্চে হেঁটেছেন গুণীজন একুশে পদকপ্রাপ্ত বংশীবাদক ক্যাপ্টেন (অব) আজিজুল ইসলাম, ট্যুরিস্ট পুলিশের এসপি আপেল মাহমুদ, সানশাইন গ্রামার স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শিক্ষাবিদ সাফিয়া গাজী রহমান, ফ্যাশন ডিজাইনার রওশন আরা চৌধুরী, কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসিন প্রমুখ।

র্যাম্প শেষে বিশ্বখ্যাত ডিজাইনার বিবি রাসেল বলেন, ‘আমি বিশ্বের অনেক দেশেই গিয়েছি। কিন্তু অধিকারবঞ্চিত শিশুদের মূল স্রোতে যুক্ত করার এমন ব্যতিক্রম ও মনোমুগ্ধকর আয়োজন এবারই প্রথম দেখছি। একদিন এই শিশুরাই সমাজের মূল স্রোতে নেতৃত্ব দিবে।’

আয়োজকদের মধ্যে রুহুল সবুজ জানান, ‘এসব শিশুদের কাছে জীবন রূঢ এক বাস্তবতা। সমাজের মূল স্রোত থেকে অনেক দূরে ওরা। কিন্তু এই ধরনের অনুষ্ঠানে এসে তাদের চিন্তার জগতের পরিবর্তন ঘটবে। নিজেদের নতুন করে চিনবে। এটাই এই অনুষ্ঠানের স্বার্থকতা।’

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শিশু অধিকার নিয়ে নাটিকা, নৃত্য ও গান পরিবেশন করে এশিয়ান উইমেন ইউনিভার্সিটি, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি কালচারাল ক্লাব, রেড ক্রিসেন্ট ইয়ুথ ও চট্টগ্রাম কলেজের শিক্ষার্থীরা। এছাড়া কৌতুক ও জাদু পরিবেশন করে সাউদার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মাসুদ ও ফয়সাল। তৃতীয় পর্বে পেশাদার মডেলদের সাথে ফ্যাশন ক্যাটওয়াকে অংশ নেয় পথশিশুরা। এছাড়া তারা দলীয় ও একক নৃত্য, গান ও নাটিকা পরিবেশন করে।

অনুষ্ঠানে ফ্যাশন ফর লাইফের ফাউন্ডার মহিউদ্দিন মাছুম, কো-ফাউন্ডার সাংবাদিক আজহার মাহমুদ, আনিস ওয়ারেসি, সিহাব সগীর, নাভেদ আনজুম উপস্থিত ছিলেন। আরাফাত রুপক ও লুবনার সঞ্চালনায় অনুষ্ঠানের সার্বিক সহযোগীতায় ছিলেন দিনার মাহি, রাকিবউদ্দিন, তাবাসসুম ত্রপা, ইমরান ও কায়েফ। অনুষ্ঠানে শিশুদের মধ্যে পোশাক, খাবার ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।