ইত্তেফাক রিপোর্ট
মোবাইল ব্যাংকিংয়ের অ্যাকাউন্ট সংখ্যা ও লেনদেনের পরিমাণ বাড়ছে। মোবাইল ব্যাংকিংয়ে সুবিধার পাশাপাশি কেনাকাটায় নানারকম অফার থাকায় মানুষ এ সেবার প্রতি ঝুঁকছে। ফলে প্রতি মাসেই এ সেবায় হাজার হাজার গ্রাহক অন্তর্ভুক্ত হচ্ছেন। বাংলাদেশ ব্যাংকের হিসাবে, ২০২০ সালের জানুয়ারি শেষে দেশে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) গ্রাহক দাঁড়িয়েছে ৮ কোটি ৯ লাখ ১৬ হাজার। জানুয়ারি মাসে এ সেবায় দৈনিক লেনদেন হয়েছে ১ হাজার ৩৫৮ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে মোট ১৬টি ব্যাংক মোবাইল ব্যাংকিং করছে। এসব প্রতিষ্ঠানে নভেম্বর পর্যন্ত মোট নিবন্ধিত হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ৭ কোটি ৮৫ লাখ ৯৪ হাজার। এ সময়ে মোবাইল ব্যাংকিং এজেন্টের সংখ্যা দাঁড়িয়েছে ৯ লাখ ৮১ হাজার ৫৩৭ জন। জানুয়ারিতে মোবাইল ব্যাংকিংয়ে দৈনিক লেনদেনের পাশাপাশি মোট লেনদেনও বেড়েছে।
সর্বশেষ তথ্যমতে, জানুয়ারিতে মোবাইল ব্যাংকিংয়ে মোট লেনদেন হয়েছে ৪২ হাজার ১০৩ কোটি টাকা। ডিসেম্বরে এর পরিমাণ ছিল ৪০ হাজার ৬৪৮ কোটি টাকা। লেনদেন বাড়ার পাশাপাশি জুলাইয়ে লেনদেনের সংখ্যাও ৩ দশমিক ৬ শতাংশ বেড়েছে।
