বুকে ব্যথা ছাড়াও হতে পারে হার্টের সমস্যা

আপডেট : ০৯ মার্চ ২০২০, ২২:১৫

ডা. সঞ্চিতা বর্মন

‘হার্টে সমস্যা হলে বুকে ব্যথা হয়’—এই ধারণা সম্পূর্ণ ভুল। হার্টে রক্ত সরবরাহকারী ধমনিগুলোতে যখন চর্বি জমে তখন হার্টে রক্ত সরবরাহ ব্যাহত হয়। ফলে অতিরিক্ত পরিশ্রম করলে, হাঁটলে বা সিঁড়ি ভাঙলে বুকে ব্যথা অনুভূত হয়। এই ব্যথা সাধারণত বুকের মাঝখানে চাপ দিয়ে ধরে থাকে। পরিশ্রমে বাড়ে ও বিশ্রাম নিলে কমে যায়। তবে অনেক রোগীর ক্ষেত্রে এই ধরনের ব্যথা বা উপসর্গ নাও হতে পারে। এমনও হতে পারে যে, হার্টে রক্ত সরবরাহকারী ধমনিগুলো বিপজ্জনকভাবে বন্ধ বা ব্লক হয়ে আছে কিন্তু কোনো দিন বুকে ব্যথা হয়নি। আকস্মিক হার্ট অ্যাটাকের পরই জানা গেল। এই সমস্যা বেশি হয় ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে। সাইলেন্ট হার্ট অ্যাটাকও তাদের বেশি হয়। বুকে ব্যথা ছাড়া অন্য রকম উপসর্গ নিয়ে নারীদের হার্টের সমস্যা বেশি ধরা পড়ে। যারা দীর্ঘদিন অটোনমিক নার্ভাস সিস্টেমকে দাবিয়ে রাখে এমন ওষুধ খান তাদের উপসর্গ নাও থাকতে পারে। যারা ভারী ব্যায়াম বা হাঁটাহাঁটিতে অভ্যস্ত তাদের মূল ধমনি বন্ধ থাকলে অন্য ধমনিগুলো সক্রিয় থাকে যা হার্টের রক্ত সরবরাহ চালিয়ে যায়। ফলে পরিশ্রমে বুক ব্যথা হয় না। পাশাপাশি পরিশ্রমে প্রচুর ঘাম ও অস্বস্তি বোধ হওয়া, ফিটনেস লেভেল কমে যাওয়া, বমি বমি ভাব বা বমি হওয়া, মাথা হালকা বোধ হওয়া, মাথা ঝিমঝিম, রক্তচাপ কমে যাওয়া, পেটে ও ঘাড়ে ব্যথা ইত্যাদি উপসর্গগুলোকেও অবহেলা করা যাবে না।

লেখক : ত্বক, লেজার অ্যান্ড এসথেটিক বিশেষজ্ঞ