শিশু সায়মা হত্যায় আসামির মৃত্যুদণ্ড

আপডেট : ০৯ মার্চ ২০২০, ২২:১৬

ইত্তেফাক রিপোর্ট

রাজধানীর ওয়ারীতে শিশু সামিয়া আফরিন সায়মাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আসামি হারুন উর রশিদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। গতকাল ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক কাজী আব্দুল হান্নান এ রায় ঘোষণা করেন। এর আগে গত ৫ মার্চ রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য সোমবার দিন নির্ধারণ করেন একই ট্রাইব্যুনাল। মোট ৫৮ দিনে এ মামলার বিচার কাজ শেষ করেন বিচারক। গতকাল কারাগার থেকে হারুনকে আদালতে হাজির করা হয়। রায় ঘোষণা শেষে সাজার পরোয়ানা ইস্যু করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

রায়ের পর সায়মার বাবা ব্যবসায়ী আব্দুস সালাম আসামির সর্বোচ্চ সাজার আদেশে সন্তোষ প্রকাশ করে বলেন, ‘আমি তাড়াতাড়ি এই রায় কার্যকর দেখতে চাই। এই রায়ের মাধ্যমে দুর্বৃত্ত ধর্ষকরা যেন জেনে যায়, এ রকম জঘন্য কাজ করলে কেউ পার পায় না।’ অন্যদিকে আসামির আইনজীবী মো. আনোয়ার উল্যাহ বলেন , ‘এ রায়ের বিরুদ্ধে আপিল  করা হবে। ঘটনার কোনো প্রত্যক্ষ বা চাক্ষুস সাক্ষী ছিল না।’ ২০১৯ সালের ৫ জুলাই সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাড়ির ৯মতলায় নির্মাণাধীন ফ্ল্যাটে সায়মাকে মৃত অবস্থায় পাওয়া যায়। ৭ জুলাই কুমিল্লা থেকে আসামি হারুনকে গ্রেফতার করা হয়।