রাজৈরে আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষ, এলাকায় চরম উত্তেজনা

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৮, ০০:২৮

আসন্ন সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মাদারীপুরের রাজৈরে আওয়ামী লীগ ও বিএনপি দলীয় কর্মীদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের ১৪জন আহত হয়েছে। আহতের রাজৈর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায় মাদারীপুর সংসদীয় আসন-২ (মাদারীপুর সদর-রাজৈর) এর রাজৈর উপজেলার আমগ্রা ইউনিয়নের আমগ্রামে। 

পুলিশ ও এলাকাবাসী জানায়, মঙ্গলবার সন্ধ্যার পূর্ব মুহূর্তে আওয়ামী লীগ দলীয় নেতা কর্মীরা মিছিল নিয়ে বিএনপি প্রার্থী মিল্টন বৈদ্যের বাড়ির পাশের রাস্তা দিয়ে যাচ্ছিল। এ সময় নৌকার মিছিল থেকে মিল্টন বৈদ্যের বাড়িতে ইট নিক্ষেপ করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে মিল্টন বৈদ্যের লোকজন ধাওয়া করলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। পরে একত্রিত হয়ে আওয়ামী লীগের কর্মীরা প্রার্থী মিল্টন বৈদ্যের বাড়িতে হামলা চালায়।

এ সময় উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ সংঘর্ষে উভয় পক্ষের ১৪ জন আহত হয়। এদের মধ্যে মানিক সরকার, রাজ্জাক ঘরামী, মিন্টু বৈদ্যসহ ৭জনকে রাজৈর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় চেয়ারম্যান জাহিদুর রহমান টিপু জানান, 'অমগ্রাম দক্ষিনপাড়া থেকে নৌকার মিছিল নিয়ে আসার সময় বিএনপির লোকজন মিছিলে হামলা চালায়।'

বিএনপির প্রার্থী মিল্টন বৈদ্য জানান, 'আমার বাড়ির পাশ দিয়ে নৌকার মিছিল নিয়ে যাওয়ার সময় আওয়ামী লীগের লোকজন আমার বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে।'

ঘটনার পর উপজেলা নির্বাহী অফিসার সোহানা নাসরিন ও ওসি জিয়াউল মোর্শেদ ঘটনাস্থল পরিদর্শন করে এবং অনাকাংখিত ঘটনা এড়াতে পুলিশি টহল বৃদ্ধি করেছে।

আরও পড়ুনঃ দূর্নীতিবাজদের সঙ্গে কোনো আপোষ নয়: শেখ তন্ময়

ওসি জিয়াউল মোর্শেদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, 'বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে।'

ইত্তেফাক/নূহু