উখিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ ইয়াবা কারবারি নিহত

আপডেট : ০৯ মার্চ ২০২০, ২২:৫৪

উখিয়ায় বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক রোহিঙ্গা ইয়াবা কারবারি নিহত হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে ২০ হাজার ইয়াবা, একটি দেশীয় তৈরি বন্দুক ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার ভোরে উপজেলার পালংখালী ইউনিয়নের রহমতের বিল পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জুবায়ের মিয়া টেকনাফের লেদা ক্যাম্পের ব্লক এ-এর বাসিন্দা মৃত ইউনুছ আলীর ছেলে।

কক্সবাজার-৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহম্মদ জানান, গতকাল ভোরে নাফ নদীর রহমতের বিল পয়েন্ট দিয়ে ইয়াবার চালান নিয়ে আসতে দেখে টহলরত বিজিবি তাদের গতিরোধ করার চেষ্টা করে। এ সময় ইয়াবা কারবারিরা বিজিবিকে লক্ষ্য করে গুলি ছুড়ে। বিজিবিও আত্মরক্ষার্থে পালটা গুলি চালালে তারা পিছু হটে। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক জনকে উদ্ধার করে উখিয়া হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।