সফল হতে হলে ঐক্য অটুট থাকতে হবে -------------আইনমন্ত্রী

আপডেট : ১০ মার্চ ২০২০, ০০:৩৮

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সফল হতে হলে আমাদের মধ্যে ঐক্য অটুট রাখতে হবে। বঙ্গবন্ধুর আদর্শে আমরা যে বিশ্বাসী সেই প্রতিজ্ঞা আমাদের সব সময় থাকতে হবে এবং এ ব্রত নিয়ে কাজ করতে হবে। রবিবার রাজধানীর অফিসার্স ক্লাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। আইনমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু তার সারাটা জীবন বাংলার মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন সংগ্রাম করে গেছেন, জীবনের দীর্ঘ সময় জেল খেটেছেন। ১৯৭১ সালে আমাদের স্বাধীন বাংলাদেশ উপহার দিয়ে গেছেন। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর এই সময় তার জন্য কর্তব্য পালনের সুযোগ এসেছে। তাই আসুন, কর্তব্য পালনের মাধ্যমে বঙ্গবন্ধুর প্রতি আমাদের যে ঋণ তার কিছুটা হলেও শোধ করি।

সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরুর সভাপতিত্বে মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম. রেজাউল করিম, রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিন প্রমুখ বক্তৃতা করেন।