সগিরা মোর্শেদ হত্যা মামলার চার আসামির বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়েছে আদালত। ঐ চার আসামি হলেন সগিরার ভাসুর ডা. হাসান আলী চৌধুরী ও তার স্ত্রী সায়েদাতুল মাহমুদ ওরফে শাহীন, শ্যালক আনাস মাহমুদ ওরফে রেজওয়ান ও ব্যবসায়ী মারুফ রেজা। ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ গতকাল সোমবার আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নেন। একইসঙ্গে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য ১৫ মার্চ দিন ধার্য করেছেন। এদিকে অভিযোগপত্র আমলে নেওয়ার আগে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে চার আসামিকে আদালতে হাজির করা হয়। এ সময় আসামিদের পক্ষে এহসানুল হক সমাজি ও রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি তাপস কুমার পাল উপস্থিত ছিলেন।
এদিকে আসামিরা ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় ম্যাজিস্ট্রেটের কাছে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রত্যাহারের আবেদন করেন। আদালত ঐ সব আবেদন নথিভুক্তের আদেশ দেন। এছাড়া মামলার আসামি মারুফ রেজা জামিন চেয়ে আবেদন করেন। আদালত শুনানি নিয়ে ঐ আবেদন খারিজ করে দেয়। হাসান আলী চৌধুরীর পরিকল্পনা মোতাবেক সগিরা মোর্শেদকে গুলি করে হত্যা করেন মারুফ রেজা। পরে ঐ ঘটনাকে ছিনতাই নাটক হিসেবে সাজানো হয়। ৩২ বছর পর হাইকোর্টের আদেশে মামলাটির অধিকতর তদন্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন্স (পিবিআই)। ঐ তদন্তে বেরিয়ে আসে ছিনতাই নয়, স্বজনদের পরিকল্পনাতেই খুন হয়েছিলেন সগিরা মোর্শেদ।
