নতুন জীবনে পাড়ির আগে পরিবারের সঙ্গে শেষ অনুষ্ঠান হ্যারি-মেগানের

আপডেট : ১০ মার্চ ২০২০, ০০:৪৯

নতুন জীবন শুরুর আগে রাজপরিবারের সঙ্গে শেষবারের মতো কোনো অনুষ্ঠানে যোগ দিলেন প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মার্কেল। গতকাল ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে বার্ষিক কমনওয়েলথ সার্ভিসের অনুষ্ঠানে যোগ দেন তারা। এ সময় রানি দ্বিতীয় এলিজাবেথ, হ্যারির বাবা প্রিন্স চার্লস ও তার স্ত্রী ক্যামিলিয়া, বড়ো ভাই প্রিন্স উইলিয়াম ও তার স্ত্রী কেট মিডলটনকেও সেখানে দেখা যায়। খবর রয়টার্স ও ডেইলি মেইলের

গতকালের অনুষ্ঠানে হ্যারি ও মেগানকে প্রিন্স উইলিয়াম এবং কেট মিডলটনের সঙ্গে হাঁসিমুখে আলাপ করতে দেখা যায়। এ সময় তাদের পাশে ছিলেন কাকা প্রিন্স এডওয়ার্ড। রাজপরিবারের জীবনী লেখক পেন্নি জুনোর বলেন, তারা একে অপরের সঙ্গে খুব ভাল ব্যবহারই করেছেন। তবে তাদের মনে কী আছে সেটা তো কারো জানা নেই।  আগামী ৩১ মার্চ রাজপরিবারে প্রিন্স হ্যারি ও মেগানের অফিস বন্ধ হবে। এ দিনের পর আনুষ্ঠানিকভাবে রাজপরিবারের দায়িত্ব ছাড়বেন এই দম্পতি। এর আগে ডিউক ও ডাচেস অব সাসেক্স হ্যারি ও মেগানকে রাজপরিবারের সদস্য হিসেবে শেষবারের মত কিছু রাজকীয় দায়িত্ব পালন করতে হবে। এরপর থেকে রানীর পক্ষ থেকে হ্যারি-মেগান আর কোনো দায়িত্ব পালন করবেন না। তবে পদত্যাগপত্র জমা দেওয়ার পর ১২ মাস সেগুলো পর্যবেক্ষণ করা হবে। গত জানুয়ারিতে হ্যারি-মেগানের রাজপরিবার ছাড়ার বিষয়ে চুক্তি হয়।