জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম-শতবার্ষিকীর উদ্বোধন উপলক্ষ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফর স্থগিতের ঘোষণা দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল সোমবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন।
বাংলাদেশে তিন জন করোনা রোগী সনাক্ত হওয়ার পর বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান কাটছাঁট করা হয়। আগামী ১৭ মার্চ জাতীয় প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠেয় মূল অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। ঐ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগদানের কথা ছিল নরেন্দ্র মোদির।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, ১৭ মার্চের মুজিব শতবর্ষের মূল অনুষ্ঠানে বিশাল সমাবেশের আয়োজন স্থগিত করা হয়েছে। এই মর্মে বাংলাদেশ সরকার সোমবার লিখিতভাবে ভারত সরকারকে জানিয়েছে। এই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী মোদির সফর স্থগিত করা হলো। ভারত সরকার প্রতিবেশী হিসেবে বাংলাদেশ সরকারের সঙ্গে একযোগে করোনা ভাইরাসের বিস্তার রোধে মোকাবিলা করতে প্রস্তুত।
আরও পড়ুন: সৌদিতে করোনা আতঙ্ক: স্বাস্থ্যতথ্য না দিলে ৫ লক্ষ রিয়াল জরিমানা
প্রসঙ্গত, রবিবার তিন জন করোনা রোগী সনাক্ত হওয়ার পর সন্ধ্যায় প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক করে। সেখানে জনসমাগম এড়িয়ে স্বল্প পরিসরে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত হয়।
ইত্তেফাক/আরআই
