টেস্ট ক্রিকেট খেলবেন সালমা-রুমানারা

আপডেট : ১০ মার্চ ২০২০, ১৯:৫৬

এই তো গত মাসে টানা ছয় ম্যাচ হারের পর টেস্ট ক্রিকেটে জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ পুরুষ দল। ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে ইনিংস ব্যবধানে জিতেছিল মুমিনুল হকরা। আশার কথা অচিরেই মুশফিকুর রহিমদের মতোই সাদা পোশাকের ক্রিকেটে দেখা যাবে বাংলাদেশের নারী ক্রিকেটারদের। লংগার ভার্সন ক্রিকেট খেলবেন বাংলাদেশের মেয়েরা। সালমা খাতুন, রুমানা আহমেদ, জাহানারা আলমরাও এই ফরম্যাটে দেশের প্রতিনিধিত্ব করবেন।

তাতেই নারী ক্রিকেটেও পূর্ণতা পাবে বাংলাদেশ। কারণ এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে সীমিত ওভারের দুই ফরম্যাটে ওয়ানডে ও টি-২০ খেলছে বাংলাদেশ। টেস্ট স্ট্যাটাস পেলে তিন ফরম্যাটেই লড়বে নারী ক্রিকেটাররা।

নারী ক্রিকেটে টেস্ট স্ট্যাটাস পাওয়ার প্রক্রিয়া শুরু করছে বিসিবি। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে আবেদনের আগে ঘরোয়া ক্রিকেটে কিছু পরিবর্তন আনতে হবে বিসিবিকে। চালু করতে হবে লংগার ভার্সন ক্রিকেট। বিসিবির উইমেন্স উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল জানিয়েছেন, এই বছর তথা চলতি মৌসুম থেকেই লংগার ভার্সন টুর্নামেন্ট আয়োজন করা হবে। প্রাথমিকভাবে দুই দিনের ম্যাচ হবে। এখানে অংশ নিবে বিভাগীয় দলগুলো।

বিসিবির এই পরিচালক বলেছেন, ‘আমরা আন্তর্জাতিক ক্রিকেটে এখন দুটি ফরম্যাট খেলছি। মেয়েদের ক্রিকেটে আমাদের টেস্ট স্ট্যাটাস নেই। আমাদের কাছাকাছি মানের যেমন পাকিস্তান, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডসেরও এই স্ট্যাটাস আছে। আমরা দ্রুতই টেস্ট স্ট্যাটাসের জন্য আবেদন করব। এখানে আইসিসির কিছু গাইডলাইন রয়েছে। এজন্য এই মৌসুম থেকেই আমরা লংগার ভার্সন চালু করব ঘরোয়া ক্রিকেটে। মেয়েরা দুই দিনের ম্যাচ খেলবে। বিভাগীয় দলগুলোকে নিয়ে এটা করা হবে। এটা প্রতিবছরই হবে।’

সাদা পোশাক ও লাল বলে ক্রিকেট খেলার প্রয়াস দেখা গেছে বাংলাদেশের নারী ক্রিকেটে। গত বছর মিরপুর স্টেডিয়ামের বিসিবি একাডেমি মাঠে পরীক্ষামূলকভাবে একটি দুই দিনের ম্যাচ আয়োজন করেছিল উইমেন্স উইং। সেখানে খেলেছিলেন জাতীয় দলের ক্রিকেটাররা। সঙ্গে জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটাররাও অংশ নিয়েছিলেন। এবার চলতি মৌসুমে আনুষ্ঠানিকভাবেই লংগার ভার্সন খেলতে নামবেন সালমারা। 

পুরুষদের ক্রিকেটে টেস্ট ম্যাচ হয় পাঁচদিনের। নারী ক্রিকেটে যেটির দৈর্ঘ্য চারদিন। আন্তর্জাতিক নারী ক্রিকেটে এখন পর্যন্ত মোট ১০টি দেশ টেস্ট স্ট্যাটাস পেয়েছে। এর মধ্যে ধারাবাহিকভাবে সাদা পোশাকে খেলছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। ১৯৩৪ সাল থেকে এখন পর্যন্ত ৭৩টি টেস্ট খেলেছে অস্ট্রেলিয়া নারী দল। ইংল্যান্ড খেলেছে সর্বোচ্চ ৯৪টি টেস্ট। ইতিহাসের  প্রথম টেস্ট ম্যাচটাও খেলেছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডই। ১৯৩৪ সালে  অস্ট্রেলিয়ার ব্রিসবেনে অনুষ্ঠিত তিন দিনের ম্যাচটা ৯ উইকেটে জিতেছিল ইংল্যান্ড। 

অস্ট্রেলিয়া (১৯৩৪), ইংল্যান্ড (১৯৩৪), নিউজিল্যান্ড (১৯৩৫), দক্ষিণ আফ্রিকা (১৯৬০), ওয়েস্ট ইন্ডিজ (১৯৭৬), ভারত (১৯৭৬), পাকিস্তান (১৯৯৮), শ্রীলঙ্কা (১৯৯৮), আয়ারল্যান্ড (২০০০), নেদারল্যান্ডস (২০০৭) নারী ক্রিকেটেও টেস্ট স্ট্যাটাস পেয়েছিল। শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডস এখন অব্দি একটি করে টেস্ট ম্যাচ খেলেছে। সবকিছু ঠিক থাকলে বাংলাদেশ হতে পারে নারীদের টেস্টে ১১ নম্বর দল।