দেশে করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার খবরে মাস্ক ব্যবহারকারীর সংখ্যা বেড়ে গেছে। আর এই সুযোগে মাস্ক, হেক্সিসল, হ্যান্ড স্যানিটাইজারসহ বিভিন্ন জীবাণুনাশক পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি হয়েছে। অন্যদিকে সোম ও গতকাল মঙ্গলবার মাস্কের মূল্য বেশি নেওয়ার অভিযোগে বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।
বরিশাল : বরিশাল নগরীতে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার নগরীর চকবাজার, হেমায়েত উদ্দিন রোড, হাজি মহসিন মার্কেটসহ বিভিন্ন স্থানে অভিযান চালায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় মাস্কের দাম স্বাভাবিক সময়ের চেয়ে বেশি নেওয়ায় চার দোকানিকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।
রংপুর :রংপুর মহানগরীতে মাস্ক, হ্যান্ডওয়াশ এবং ওষুধের দাম বেশি নেওয়ায় পাঁচটি ফার্মেসির মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহান ও তনুকা ভৌমিক এই অভিযান পরিচালনা করেন।
রাজশাহী :মাস্কের দাম বেশি নেওয়া দুটি গার্মেন্টসকে জরিমানা করা হয়েছে। আরডিএ মার্কেটে অভিযান চালিয়ে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় সহকারী পরিচালক হাসান আল মারুফ। এদিকে কসমেটিকস থেকে শুরু করে অধিকাংশ মুদিদোকানেও মিলছে না হ্যান্ডওয়াশ ও স্যানিটাইজার। নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে স্টার মেডিক্যাল হল ফার্মেসির বিক্রেতা আবু সাঈদ বলেন, ‘ঢাকা থেকে মাস্ক আনি। গত তিন দিনে আমাদের কোনো মাস্ক সরবরাহ করা হয়নি। যা ছিল তা সোমবার দুপুরের মধ্যেই বিক্রি হয়ে গেছে।’
খুলনা :বেশি দামে মাস্ক বিক্রি করার অভিযোগে তিনটি ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুরে নগরীর হেরাজ মার্কেটের দুটি ও ময়লাপোঁতা মোড়ের একটি ফার্মেসিকে এই জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান ও মো. রাশেদুল ইসলাম।
বগুড়া :বগুড়ার মার্কেটে ৫৫ টাকা ডজনের মাস্ক বিক্রি হচ্ছে ৪৮০ থেকে ৫০০ টাকায়। সার্জিক্যাল দোকান থেকে উধাও হয়ে গেছে অন্যান্য মাস্ক। আর যেসব দোকানে আছে, তারা দাম বাড়িয়ে দিয়েছে ৫ থেকে ৮ গুণ। বগুড়া শহরের খান মার্কেটে মাস্ক কিনতে এসে ঘুরছিলেন বেসরকারি অফিসে কর্মরত আবেদুর রহমান। কয়েকটি দোকানে খুঁজেও মাস্ক পাচ্ছিলেন না। বললেন, এখন পর্যন্ত ৮-১০টি ফার্মেসি ঘুরেছেন, কোনো দোকানে মাস্ক নেই। আবার যেখানে আছে, সেখানে দাম তিন গুণ বেশি। এদিকে মাস্কের দাম বেশি নেওয়ায় সোমবার বগুড়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছরিন আকতার ও রোমানা রিয়াজের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ সময় বগুড়া কেন্দ্রীয় বড়ো মসজিদ লেনের বিসমিল্লাহ টুপিঘর থেকে ৩ হাজার ও চাঁদনীবাজার এলাকার রিগ্যান গার্মেন্টসকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
সাতক্ষীরা :সাতক্ষীরায় ধার্যকৃত দামের চেয়ে অধিক দামে মাস্ক বিক্রির দায়ে সোমবার বিকালে ফাল্গুনী বস্ত্রালয়কে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জেলা কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুবায়ের হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করেন।
জুড়ী (মৌলভীবাজার) :জুড়ী উপজেলায় মাস্কের সংকট দেখা দিয়েছে। কাপড়ের দোকান বা ফার্মেসি—কোথাও মাস্ক নেই।
গতকাল মঙ্গলবার শহরের সব ফার্মেসি ও কাপড়ের দোকান ঘুরে দেখা গেছে, কোথাও মাস্ক নেই। পাইকারি কাপড় ব্যবসায়ী ছবির চৌধুরী বলেন, দেশে কাপড়ের তৈরি সাধারণ মানের মাস্ক আমরা যেটা পাইকারি ৯ টাকা দরে বিক্রি করতাম, সেটা ঢাকায় সীমিত আকারে ৭০-৮০ টাকা পাইকারি বিক্রি হচ্ছে। ভালো মানের মাস্ক ১৫০-২০০ টাকা। কিন্তু সরবরাহ নেই বললেই চলে।
গাইবান্ধা :গাইবান্ধায় অতিরিক্ত দামে মাস্ক বিক্রির দায়ে মঙ্গলবার দুপুরে শহরের পৌর এলাকার দুলু অ্যান্ড সন্স নামের একটি কসমেটিকস দোকানদারের কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুস সালাম এই জরিমানা আদায় করেন।
মাদারগঞ্জ (জামালপুর) :মাদারগঞ্জে মুজিব মেলা স্থগিত করা হয়েছে। মেলা ও অনুষ্ঠানের পরিবর্তে করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতার জন্য কাজ করবে বলে ঘোষণা দেওয়া হয়েছে। মঙ্গলবার মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ সময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু জীবন কৃষ্ণ সাহা, সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বেলাল প্রমুখ।
