সিরাজগঞ্জের কামারখন্দের জামতৈল রেলওয়ে স্টেশনে মাস্টারের ভুল সিগন্যালের কারণে স্টেশনেও দাঁড়ায়নি সুন্দরবন এক্সপ্রেস। এতে বেশকিছু যাত্রীর যাত্রা বাতিল ও ট্রেনে থাকা যাত্রীদের পরের স্টেশনে নামতে হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। মঙ্গলবার ভোর রাত ৪টা ৪৮ মিনিটে জামতৈল রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। এ বিষয়ে স্টেশন মাস্টার আলী আহাম্মদ জানান, আমি ভুল করে সিগন্যালটি থ্রো করে দিয়েছিলাম। এটা আমার ভুল হয়েছে।
এ ব্যাপারে পাকশির বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক আসাদুল হক জানান, ভুল সিগন্যাল দেওয়ার কারণে স্টেশন মাস্টারকে প্রত্যাহার করা হয়েছে। ঘটনা তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
