কিডনিতে রোগের কারণ ও লক্ষণসমূহ

আপডেট : ১০ মার্চ ২০২০, ২২:১১

আমাদের শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গসমূহের মধ্যে অন্যতম হল কিডনি। শরীরে তরল ও ইলেকট্রোলাইটের ভারসাম্য রক্ষা ও শরীরের উত্পন্ন বর্জ্য পদার্থ নিঃসরণ-ই হচ্ছে কিডনির প্রধান কাজ। এছাড়াও আমাদের শরীরে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করে থাকে কিডনি। বিভিন্ন কারণে রোগাক্রান্ত হতে পারে শরীরের এই গুরুত্বপূর্ণ অঙ্গটি। ডায়াবেটিস, উচ্চরক্তচাপ, নেফ্রাইটিস, বংশগত, ব্যথানাশক ও অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার ইত্যাদি কারণে বিকল হতে পারে কিডনি।

এছাড়া ডায়রিয়া, প্রচুর রক্তক্ষরণ ইত্যাদি কারণেও কিডনি ক্ষতিগ্রস্ত হতে পারে। কিডনির রোগগুলোর মূল সমস্যা হলো লক্ষণগুলো অত্যন্ত ধীর গতিতে প্রকাশ পায়। অনেক সময় একেবারে রোগটি শেষ পর্যায়ে নির্ণীত হয়। তাই বিশেষজ্ঞগণ বছরে একবার হলেও কিডনি পরীক্ষা করার পরামর্শ দিয়ে থাকেন।

কিডনি রোগের লক্ষণগুলোর মধ্যে অন্যতম হল- প্রস্রাব কমে যাওয়া, ক্ষুধামন্দা, বমিবমি ভাব, চোখ-মুখ ফুলে যাওয়া, উচ্চ রক্তচাপ, চুলকানি, ক্লান্তভাব, প্রস্রাবে জ্বালাপোড়া, কোমরের দুপাশে ও তলপেটে ব্যথা অনুভব, প্রস্রাবের সঙ্গে রক্ত যাওয়া ইত্যাদি। এসব লক্ষণসমূহের মধ্যে কোনোটি প্রকাশ পেলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিত্সকের পরামর্শ গ্রহণ প্রয়োজন।

লেখক: চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ