মা-বাবাদের পরিবার পরিকল্পনা সেবা গ্রহণ নিশ্চিতকরণে যাত্রা শুরু করল ‘সংযোগ’ প্রকল্প। বাংলাদেশ সরকারের পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সার্বিক তত্ত্বাবধানে ও সেভ দ্য চিলড্রেনের পরিচালনায় প্রকল্পটি কাজ করবে। গত সোমবার ঢাকার গুলশানের একটি হোটেলে প্রকল্পটি উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক কাজী আ খ ম মহিউল ইসলাম।
বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের আর্থিক সহায়তায়, পরিবার পরিকল্পনা অধিদপ্তর ও অন্যান্য সহযোগী সংস্থার সম্মিলিত প্রয়াসে প্রথম সন্তান জন্মদানকারী পিতামাতার পরিবার পরিকল্পনা বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও সেবা গ্রহণ করতে কাজ করবে ‘সংযোগ’। প্রাথমিকভাবে প্রকল্পটি নোয়াখালী জেলার দুটি উপজেলায় (কবিরহাট ও সুবর্ণচর) কার্যক্রম পরিচালনা করবে এবং ধীরে ধীরে অন্যান্য উপজেলায় প্রকল্পটি বিস্তৃত হবে।
