রোনালদিনহোকে মুক্ত করার চেষ্টা চলছে

আপডেট : ১০ মার্চ ২০২০, ২২:২০

রোনালদিনহোকে আপাতত প্যারাগুয়ের জেল থেকে বের করার জন্য একটি শুনানি অনুষ্ঠানে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তার আইনজীবীরা।

ভুয়া পাসপোর্ট নিয়ে প্যারাগুয়েতে প্রবেশের কারণে ব্রাজিলের হয়ে ২০০২ সালের বিশ্বকাপ জেতা রোনালদিনহো ও তার ভাই রবার্তোকে গত শুক্রবার গ্রেফতার করা হয়েছিল। এখন তাকে বিচার পূর্ব এক আটককেন্দ্রে রাখা হয়েছে।

এখন তার কৌঁসুলিরা চেষ্টা চালাচ্ছেন যাতে করে সহসাই শুনানি করে সাময়িকভাবে হলেও জেল থেকে বের করা যায়। গতকাল মঙ্গলবার বাংলাদেশ সময় রাতের দিকে এ শুনানি করার চেষ্টা চালাচ্ছিলেন তারা।

বার্সেলোনার হয়ে একসময় ব্যাপক খ্যাতি পাওয়া এই ফুটবলারের ব্রাজিলীয় আইনজীবী সের্জিও কুইরোজের আগে বলেছিলেন রোনালদিনহোর আটকাদেশ ‘অবৈধ ও বেআইনি’। তিনি বলেছিলেন,‘রোনালদিনহো কোনো অপরাধ করেননি। কারণ তিনি জানতেন না তাকে দেওয়া পাসপোর্টটি ভুয়া ছিল।’

এদিকে দুই ভাই প্যারাগুয়ের রাজধানী আসুনসিয়নের কারাগারটিতে ইতিমধ্যে চার রাত কাটিয়েছেন। সেখানে গ্রীষ্মকালীন তাপমাত্রা ৪০ ডিগ্রি পর্যন্ত ওঠে। কুইরোজ চান এই দুজনকে মুক্তি দিয়ে দেশে ফেরার অনুমতি দেওয়া হোক।

প্যারাগুয়ের কৌঁসুলিরা প্রথমে একমত হয়েছিলেন যে রোনালদিনহো সরল বিশ্বাসেই এ কাজ করেছিলেন। কিন্তু বিচারক তাদেরকে আটকাদেশ দেন যা ব্রাজিলের এই আইনজীবীর মতে অপ্রত্যাশিত ছিল। ব্রাজিলের এই ফুটবল কিংবদন্তি গত বুধবার ব্রাজিল থেকেই আসুনসিয়নে আসেন এবং বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশকে তাদের পাসপোর্ট দেখান। পুলিশ তাদের কাগজ দেখে কোনো সমস্যা পায়নি। কিন্তু কয়েক ঘণ্টা পর পাসপোর্টগুলো ভুয়া প্রতিপন্ন হওয়ার পর তদন্তকারীরা রোনালদিনহো ও তার ভাই রবার্তো যে হোটেলে ছিলেন সেই দ্য রিসোর্ট ইয়ট অ্যান্ড গলফ ক্লাবে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

রোনালদিনহো জানিয়েছিলেন তাকে আমন্ত্রণ জানানো সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করা দাতব্য সংস্থার ব্যক্তিরাই এই পাসপোর্ট দিয়েছিল। এ ঘটনায় ব্রাজিলের এক ব্যবসায়ীকেও গ্রেফতার করা হয়। এছাড়া প্যারাগুয়ের দুই মহিলাকে গৃহে অন্তরিন রাখা হয়েছে এবং দেশটির অভিবাসন পরিচালক পদত্যাগ করেন। এদিকে জেলের ভেতর রোনালদিনহো দ্রুতই মানিয়ে নিচ্ছেন বলে প্যারাগুয়ের কারাগারটির প্রধান জানিয়েছেন। কারাগারটির ওয়ার্ডেন ব্লাস ভেরা বলেন,‘মোটা দাগে বলতে গেলে তিনি ভালোই আছেন। আমি তাকে খোশমেজাজেই দেখতে পাই, যেমনটি আপনারা তাকে হাসিখুশি দেখতে পান টেলিভিশনে।’