ভারতের মধ্যপ্রদেশে কংগ্রেস সরকার মহাসংকটে পড়েছে। কংগ্রেসের ২২ বিদ্রোহী এমপির পদত্যাগে যে কোনো সময় মুখ্যমন্ত্রী কমলনাথ সরকারের পতন হতে পারে। এদিকে কংগ্রেসের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়াও কংগ্রেস থেকে পদত্যাগ করেছেন এবং বিজেপিতে যোগ দিচ্ছেন। কংগ্রেস জানিয়েছে, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জ্যোতিরাদিত্যকে বহিষ্কার করা হয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়া ও আনন্দবাজার পত্রিকার
কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার দূরত্বটা তৈরি হচ্ছিল ২০১৯ সালের গোড়ার দিকে। অবশেষে তা বিদ্রোহের আকার নিল। জ্যোতিরাদিত্য নিজে দল ছেড়ে বিজেপির পথে পা বাড়াচ্ছেন তো বটেই, বিদ্রোহে জুড়ে নিলেন অন্তত ২২ জন কংগ্রেস বিধায়ককে। জ্যোতিরাদিত্য কংগ্রেস থেকে পদত্যাগের পরপরই পদত্যাগ করেছেন ২২ বিধায়ক। এর ফলে রাজ্যে কমল নাথের নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের পতন এখন শুধু সময়ের অপেক্ষা।
সোমবার থেকে দলীয় নেতাদের সঙ্গে সব রকমের যোগাযোগ বিচ্ছিন্ন করেন জ্যোতিরাদিত্য। একই সঙ্গে খবর পাওয়া যাচ্ছিল, কমল নাথ সরকারের ছয় মন্ত্রীসহ ১৬ জন কংগ্রেস বিধায়ককে বেঙ্গালুরুতে নিয়ে গিয়ে হোটেলে রেখেছে বিজেপি। ঘটনা মোড় নেয় গতকাল সকাল থেকে। অমিত শাহের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাড়িতে গিয়ে তার সঙ্গে দেখা করেন জ্যোতিরাদিত্য। তারপরই দল থেকে পদত্যাগ করেন। পদত্যাগপত্র পাঠিয়ে দেন দলের অন্তর্বর্তী সভাপতি সোনিয়া গান্ধীর কাছে। কিছুক্ষণের মধ্যেই ছয় মন্ত্রীসহ ২২ কংগ্রেস বিধায়কও পদত্যাগপত্র পাঠান রাজ্যপালের কাছে। গতকালই বিজেপিতে জ্যোতিরাদিত্যের যোগ দেওয়ার কথা। সূত্র জানায়, তাকে কেন্দ্রীয় মন্ত্রী করা হতে পারে।
এই মুহূর্তে কংগ্রেসের সংসদীয় বা পরিষদীয় প্রতিনিধি পদে ছিলেন না জ্যোতিরাদিত্য। কিন্তু মধ্যপ্রদেশে নিজের ঘনিষ্ঠ বিধায়কদের কংগ্রেস থেকে বের করে তিনি পতনের মুখে দাঁড় করিয়ে দিলেন মাত্র মাস ১৫ আগে ক্ষমতায় আসা কমল নাথ সরকারকে। ২৩০ আসনের মধ্যপ্রদেশ বিধানসভার ভোট হয় ২০১৮ সালে। ম্যাজিক ফিগার ১১৬ আসন থেকে ২টি কম পায় কংগ্রেস। বিজেপি জেতে ১০৯ আসনে। বাকি ৭টির মধ্যে ৪টিতে জেতেন নির্দলীয় বিধায়করা। ২টিতে বিএসপি, ১টিতে এসপি। এসপি, বিএসপি এবং এক নির্দলীয়সহ মোট ১২০ জনের সমর্থন নিয়ে ২০১৮ সালের ১৭ ডিসেম্বর মুখ্যমন্ত্রীর আসনে বসেছিলেন কমল নাথ। পরবর্তীতে দুই বিজেপি বিধায়ক দল ছাড়েন। ফলে এই মুহূর্তে রাজ্যে মোট বিধায়কের সংখ্যা ২২৮। কংগ্রেসের সরকার ফেলে বিজেপিকে ক্ষমতায় আসতে ১৩ কংগ্রেস বিধায়ককে ইস্তফা দেওয়াতে পারলেই চলত। দেখা যাচ্ছে অনেক বেশিসংখ্যক কংগ্রেস বিধায়ক ইস্তফা দিচ্ছেন। ইতিমধ্যেই দিয়ে দিয়েছেন ২২ জন। আরো কয়েক জন লাইনে আছেন বলে খবর।
