করোনা: ইতালিতে ২৪ ঘণ্টায় ১৬৮ জনের মৃত্যু 

আপডেট : ১১ মার্চ ২০২০, ১০:১৫

প্রাণঘাতী করোনাভাইরাসে ইতালিতে ২৪ ঘণ্টায় ১৬৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা ৬৩১ জনে দাঁড়ালো।

চীনের বাইরে ইতালিতে করোনা ভাইরাসে সর্বোচ্চ সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে।  এছাড়া দেশটিতে আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। 

সোমবার দেশটির প্রধানমন্ত্রী ইউসেপ্পে কোন্তে ৬ কোটি মানুষকে ঘরে থাকার নির্দেশ দিয়েছেন এবং জরুরি ভ্রমণের ক্ষেত্রেও অনুমোদন নেওয়ার কথা বলা হয়েছে।

এক টেলিভিশন ভাষণে তিনি বলেন, হাতে আর সময় নেই।  ইতালির স্বার্থে আমাদের সবাইকেই কিছু না কিছু ত্যাগ স্বীকার করতে হবে।  পুরো ইতালি একটি সংরক্ষিত এলাকায় পরিণত হবে।  আর এটা এখনই করতে হবে। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ লাখ ১৩ হাজারের বেশি।  এতে মারা গেছে ৪ হাজার।  সেইসঙ্গে সুস্থ হয়েছে উঠেছেন ৬৪ হাজার। 

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে প্রথম এই ভাইরাসের আবির্ভাব ঘটে। এরপর বিশ্বের ১০০টির বেশি দেশে ভাইরাসটি ছড়িয়ে পড়ে। চীনের বাইরে ইতালি, ইরান দক্ষিণ কোরিয়ায় ইতিমধ্যে এই ভাইরাস ভয়াবহ আকার ধারণ করেছে। 

ইত্তেফাক/এসআর