বেগম মুজিব চরিত্রে মৌসুমী

আপডেট : ১১ মার্চ ২০২০, ১৯:৫৪

র ফি কু ল  ই স লা ম

 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নির্মিত হচ্ছে শিশুতোষ চলচ্চিত্র ‘শেখ রাসেলের আর্তনাদ’। সালমান হায়দারের পরিচালনায় এই চলচ্চিত্রে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার চরিত্রে অভিনয় করবেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা প্রিয়দর্শিনী মৌসুমী। এ ছবিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করবেন বঙ্গবন্ধুর মতো দেখতে আলোচিত সেই অরুক মুন্সি। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা চরিত্রে লাক্সতারকা অপর্ণা ও শেখ রেহানা চরিত্রে আশনা হাবিব ভাবনা অভিনয় করবেন। চলচ্চিত্রটিতে শেখ রাসেল চরিত্রে পর্দায় হাজির হবেন রোহান। বঙ্গবন্ধুর বড় পুত্র শেখ কামাল চরিত্রে থাকবে ইউসুফ এবং মেজ পুত্র শেখ জামালের চরিত্রটি করবেন সাব্বির। এই চলচ্চিত্রে মূলত বঙ্গবন্ধুর পরিবারের সর্বকনিষ্ঠ সদস্য রাসেলের গল্প ওঠে আসবে। এই ছবি প্রসঙ্গে নির্মাতা সালমান হায়দার বলেন, ‘নিজের ভেতরের তাগিদ থেকেই চলচ্চিত্রটি নির্মাণ করছি। অনেক সময় নিয়ে এর গল্প ও চিত্রনাট্য সাজিয়েছি। এখানে শেখ রাসেলের দৃষ্টি থেকে গল্পটি বলার চেষ্টা করব। তবে প্রতিটি চরিত্রই গুরুত্বপূর্ণ। আমি খুবই আনন্দিত যে, আমাদের সবার প্রিয় মৌসুমী আপাকে পেয়েছি বঙ্গমাতার চরিত্রে। আমার মনে হয়েছে এই চরিত্রের জন্য তিনিই পারফেক্ট। এছাড়া বাকি চরিত্রগুলোতেও চেহারার সাদৃশ্য, অভিনয়গুণকে প্রাধান্য দিয়ে শিল্পী বাছাই করেছি। মুজিববর্ষেই চলচ্চিত্রটি মুক্তি দেওয়া হবে।’