‘সঙবাদ কার্টুন’ মঞ্চস্থ

আপডেট : ১১ মার্চ ২০২০, ২০:০০

আহসান জোবায়ের

 

থিয়েটার প্রাঙ্গণের তৃতীয় নাট্য প্রযোজনা সেলিম আল দীন রচিত ‘সঙবাদ কার্টুন’ নাটকের দ্বিতীয় মঞ্চায়ন হলো ময়মনসিংহে। গত শুক্রবার শহরের অ্যাড. তারেক স্মৃতি মিলনায়তনে মেলোডি একাডেমি অ্যান্ড মিডিয়ার আয়োজনে সাংস্কৃতিক উত্সব শেষে নাটকটি মঞ্চস্থ হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বহুরূপি নাট্য সংস্থা, ময়মনসিংহের সেক্রেটারি শাহাদাত্ হোসেন খান হিলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী আজাদ জাহান শামীম ও সিনেটিউন মিডিয়ার চেয়ারম্যান আব্দুল আলীম। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন মেলোডি একাডেমি অ্যান্ড মিডিয়ার নির্বাহী পরিচালক মীর জাহিদুর রহমান। আমন্ত্রিত অতিথিরা মঞ্চনাটকের গুরুত্ব ও অবস্থান সম্পর্কে আলোচনা করেন।

নাটকটির নির্দেশনায় ছিলেন তরুণ নাট্য নির্দেশক তারেক তাশহাদ। নাটকটি সম্পর্কে নির্দেশক বলেন, ‘নাটকটি সেলিম আল দীন স্যারের শুরুর দিকের রচনা। এই নাটকে তিনি স্বাধীনতাত্তর বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক নৈরাজ্য ও অনিশ্চয়তার চিত্র তুলে ধরে ব্যঙ্গ-বিদ্রুপ করেছেন।

নাটকের সংলাপ ও পরিস্থিতি বিনির্মাণে অ্যাবসার্ড নাটকের ছায়া থাকলেও স্যাটারের মতো ব্যাঙ্গ-বিদ্রুপও সমানভাবে লক্ষ্য করা যায় এ নাটকে। নাট্যকার সংলাপ প্রধান নাটকটির ঘটনাপ্রবাহে সিম্বলিজম ব্যবহার করে মুক্তিযুদ্ধোত্তর বাংলাদেশের সামাজিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক নানা অবক্ষয়ের চিত্র উপস্থাপিত করেছেন।’

নাটকটিতে অভিনয় করেছেন আলমগীর হোসেন, হাসান আকরাম, শেখ নজরুল, আলী হায়দার, নজরুল ইসলাম, তাহসিন প্রিন্স, তৌফিক মেছবাহ, মির্জা আব্বাস, শাহেদ আফ্রিদি, ওবায়দুল্লাহ মাসুদ, সৌরভ ও সিফাত শাহরিয়ার। পোশাক পরিকল্পনায় ছিলেন আলী হায়দার, আবহ সংগীতে আলমগীর ইসলাম শান্ত, রূপসজ্জায় গোলাম কিবরিয়া, মঞ্চ পরিকল্পনায় শেখ নজরুল, আলোক পরিকল্পনায় গোলাম কিবরিয়া, প্রপস পরিকল্পনায় তৌফিক মেছবাহ এবং প্রচারে ছিলেন এনামুল কবীর ও মো. রাকিব।

থিয়েটার প্রাঙ্গণের দলপ্রধান আলী হায়দার বলেন, ‘বাংলাদেশের নাট্যধারাকে সমুন্নত রাখতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নাট্যকলার শিক্ষার্থী ও নাট্যকর্মীদের নিয়ে থিয়েটার প্রাঙ্গণ কাজ করে যাচ্ছে।’

তিনি আরও জানান, আগামীতে দলটির চতুর্থ প্রযোজনা হিসেবে তারেক তাশহাদের নির্দেশনায় আলবেয়ার কাম্যু রচিত ‘ক্যালিগুলা’ মঞ্চস্থ হবে।