সিঙ্গাপুরফেরত যুবকের জ্বর সর্দি গলাব্যথা
করোনা সন্দেহে আতঙ্কিত স্থানীয়রা
চান্দিনা ও বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা
কুমিল্লার চান্দিনায় সিঙ্গাপুর থেকে আসা এক যুবকের তিন দিন ধরে জ্বর, সর্দি ও গলাব্যথা চলতে থাকায় করোনা সন্দেহে আতঙ্কিত হয়ে পড়েছে ঐ এলাকার মানুষ। ফলে ঐ প্রবাসীর শরীর থেকে নমুনা সংগ্রহ করতে ঢাকা থেকে রওয়ানা হয়েছেন মহামারী রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) টিমের সদস্যরা। তবে বিকেল ৫টায় এই রিপোর্ট লেখার সময় পর্যন্ত তারা চান্দিনায় পৌঁছাননি।
বুধবার সকালে প্রবাসী যুবক আবুল বাসার (৩২) আইইডিসিআর-এর নির্ধারিত নম্বরে ফোন করে তার সমস্যা জানান। আইইডিসিআর থেকে জেলা সিভিল সার্জনের কাছে ফোন আসে। জেলা থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খবর আসার পর তত্পর হয়ে উঠে প্রশাসন। প্রবাসী যুবক আবুল বাসার চান্দিনা উপজেলার কামারখোলা গ্রামের আব্দুল রশিদ এর ছেলে। ৩ ভাই ও ২ বোনের মধ্যে দ্বিতীয় আবুল বাসার।
আবুল বাসার বলেন, ‘আমি ২০১০ সালে সিঙ্গাপুর যাই। চলতি মাসের ৬ তারিখ আমি সিঙ্গাপুর থেকে বাংলাদেশে আসার পর বিমানবন্দরে আমাকে চেক করে একটি কার্ড দেওয়া হয়। গত ৩ দিন ধরে আমার জ্বর, সর্দি ও গলাব্যথা থাকায় আমি বুধবার সকালে ঐ কার্ডে থাকা নম্বরে ফোন করে বিষয়টি জানিয়েছি।’
চান্দিনা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. আহসানুল হক বলেন, ‘আবুল বাসারের সঙ্গে আমার কথা হয়েছে। তার যে সমস্যা তাতে ধারণা করা হচ্ছে, করোনা ভাইরাসের লক্ষণ রয়েছে। তাকে ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছি। ঢাকা থেকে আইইডিসিআর টিম রওনা হয়েছে। ঐ টিম এসে নমুনা সংগ্রহ করার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।’ এদিকে, সকাল থেকে এ ঘটনা শোনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রবাসী আবুল বাসারের বিষয়ে জানতে কামারখোলা গ্রামের একাধিক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করলে ঐ বাড়িতে কেউ যেতে রাজি হয়নি বলে জানা গেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্নেহাশীষ দাশ বলেন, ‘আতঙ্কিত হওয়ার কিছু নেই। প্রবাসী যুবক আবুল বাসারকে ঘরে থাকার নির্দেশ দিয়েছি।’
