দুই দিনে সূচকের বড়ো উত্থান

আপডেট : ১১ মার্চ ২০২০, ২১:২০

শেয়ারবাজার

ইত্তেফাক রিপোর্ট

বড়ো ধসের পর দেশের শেয়ারবাজারে টানা দুই দিন বড়ো উত্থান দেখা দিয়েছে। গত মঙ্গলবারের ধারাবাহিকতায় গতকাল বুধবারও প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবকটি মূল্যসূচকের বড়ো উত্থান হয়েছে। সেই সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ।

তালিকাভুক্ত ব্যাংকগুলো বিনিয়োগের মাধ্যমে পুঁজিবাজারকে সহায়তা করছে বলে জানিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাজী সানাউল হক। তিনি বলেন, কিছু কিছু ব্যাংক ইতোমধ্যে পুঁজিবাজারে বিনিয়োগ শুরু করেছে। বিভিন্ন ব্যাংকের এমডিদের সঙ্গে ডিএসইর একটি ইতিবাচক বৈঠক হয়েছে। বৈঠকে আমরা তাদেরকে পুঁজিবাজারের বর্তমান অবস্থান থেকে উত্তরণের জন্য তাদের সহায়তা চেয়েছি। যাতে ব্যাংকগুলো পুঁজিবাজারে বিনিয়োগের পরিমাণ বাড়িয়ে দেয়। একইসঙ্গে বিনিয়োগ করার ক্ষেত্রে কোনো সমস্যা দেখা দিলে, তা জানানোর জন্যও বলেছি। যা বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সমাধান করা হবে।

ডিএসইর এমডি আরো বলেন, অনেক দিন ধরে পুঁজিবাজার নেতিবাচক ছিল। কিন্তু প্রধানমন্ত্রীর কিছু নির্দেশনার পরে তা ঘুরে দাঁড়াচ্ছে। তবে সম্প্রতিকালে করোনাভাইরাস ইস্যুতে আবারো নেতিবাচক প্রভাব দেখা দেয়।

কাজী সানাউল হক বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে বাংলাদেশ ব্যাংক অন্যান্য ব্যাংকগুলোকে পুঁজিবাজারে বিনিয়োগের সুযোগ করে দেয়। বৈঠকে প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে ব্যাংকগুলোকে বিনিয়োগের আহ্বান করেছি। তারাও বিনিয়োগে আন্তরিক। তাই শেয়ারবাজারে দ্রুত ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।

গতকাল বাজার বিশ্লেষণে দেখা গেছে, গতকাল লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্যসূচক আগের দিনের তুলনায় ৭৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ২৩১ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক ২৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪১৩ পয়েন্টে এবং ডিএসইর শরিয়াহ্ ১৯ পয়েন্ট বেড়ে ৯৭৯ পয়েন্টে দাঁড়িয়েছে।

মূল্যসূচকের এই উত্থানের পাশাপাশি ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। দিনভর বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ২৭০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম আগের দিনের তুলনায় বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৪০টির। আর ৪৪টির দাম অপরিবর্তিত রয়েছে। গতকাল ডিএসইতে লেনদেনের পরিমাণও বেড়েছে। লেনদেন হয়েছে ৪২২ কোটি ৫১ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ৩২৮ কোটি ৩৩ লাখ টাকা। সে হিসেবে লেনদেন কমেছে ৯৪ কোটি ১৮ লাখ টাকা।

টাকার অঙ্কে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে মুন্নু সিরামিকের শেয়ার। কোম্পানিটির ১৫ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা স্কয়ার ফার্মাসিউটিক্যালের শেয়ার লেনদেন হয়েছে ১৩ কোটি ১২ লাখ টাকা। ১২ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে বিকন ফার্মাসিউটিক্যালস।

এছাড়া লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির মধ্যে রয়েছে- খুলনা পাওয়ার, লাফার্জহোলসিম, ওরিয়ন ইনফিউশন, ওরিয়ন ফার্মা, ব্যাংক এশিয়া, কোহিনুর কেমিক্যাল এবং গ্রামীণফোন।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ২২২ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৮৯৪ পয়েন্টে দাঁড়িয়েছে। বাজারটিতে লেনদেন হয়েছে ১৭ কোটি ৫২ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ২৩৭টি প্রতিষ্ঠানের মধ্যে ১৮০টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৩৩টির এবং ২৪টির দাম অপরিবর্তিত রয়েছে।