স্পোর্টস রিপোর্টার
করোনা ভাইরাসের আতঙ্কের কারণে চলমান প্রিমিয়ার লিগের খেলাগুলো কেবল ঢাকায় অনুষ্ঠানের ব্যাপারে চিন্তাভাবনা চলছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) পেশাদার লিগ নিয়ে তাই শনিবার জরুরি সভা ডেকেছে।
গতকাল বিকালে বঙ্গবন্ধু স্টেডিয়ামে এএফসি কাপে বসুন্ধরা কিংস এবং মালদ্বীপের টিসি স্পোর্টসের খেলার বিরতীর সময় বাফুফের সভাপতি কাজী সালাহউদ্দিন এবং সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ প্রেসবক্সে আসেন। তারা করোনা ভাইরাস আতঙ্ক নিয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন।
সালাহউদ্দিনের কথায় স্পষ্ট ইঙ্গিত ১৩ ক্লাবের লিগটা বঙ্গবন্ধু স্টেডিয়াম কেন্দ্রিক হতে যাচ্ছে। তিনি বলেন, ‘কোনো ক্লাব জানায়নি। আমাদের দায়িত্ব বোধ থেকেই আমরা কথা বলছি। শনিবার জরুরি মিটিং হবে সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে।’
আন্তর্জাতিক ফুটবলের অনেক ম্যাচই দর্শকহীন হচ্ছে। ঢাকায় প্রিমিয়ার লিগ হলে সেখানে দর্শক প্রবেশ থাকবে কি না সেটিও ভেবে দেখা হচ্ছে। বাফুফে সভাপতি ইঙ্গিত দিয়েছেন দর্শক ছাড়াও ম্যাচ হতে পারে।
বাফুফের নির্বাচন ২০ এপ্রিল। তবে সেটি পেছাবে কি না জানতে চাইলে বাফুফে সভাপতি বলেন, ‘নির্বান এখনো অনেক দূরে’।
