বাধার পাহাড় পেরিয়ে নারী এখন বিশেষ অবস্থানে :শিক্ষামন্ত্রী

আপডেট : ১১ মার্চ ২০২০, ২১:৫৩

ইত্তেফাক রিপোর্ট

নারীর চলার পথে সবক্ষেত্রেই কাঁটা আছে বলে উল্লেখ করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, রাজনীতি কিংবা সাংবাদিকতা—প্রতিটি ক্ষেত্রেই পাহাড় সমান বাধা অতিক্রম করে নারী অবস্থান তৈরি করছে। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ অবদান আছে। প্রতিবন্ধকতা সত্ত্বেও প্রধানমন্ত্রীর হাত ধরে বাংলাদেশের নারীর দৃশ্যমান পরিবর্তন এসেছে। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটির আলোচনা সভা ও ‘কণ্ঠস্বর’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইত্তেফাক ও পাক্ষিক অনন্যা সম্পাদক তাসমিমা হোসেন, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, ডিআরইউর সাবেক সহসভাপতি মাহমুদা চৌধুরী। সভাপতিত্ব করেন ডিআরইউর সভাপতি রফিকুল ইসলাম আজাদ, শুভেচ্ছা বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরী। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নারীবিষয়ক সম্পাদক রিতা নাহার। অনুষ্ঠান পরিচালনা করেন এটিএন বাংলার বার্তা সম্পাদক নাদিরা কিরণ।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন নিউজ টুয়েন্টি ফোরের যুগ্ম-বার্তা সম্পাদক আঙুর নাহার মন্টি। এতে বলা হয়, প্রতিটি ক্ষেত্রে নেতৃত্ব পর্যায়ে নারীদের অবস্থান নেই বললেই চলে। অনুষ্ঠানের শুরুতে সমাজে নারী নির্যাতন পরিস্থিতি নিয়ে পঞ্চকন্যার একটি সম্মিলিত পরিবেশনা সবাইকে স্পর্শ করে। পরে ডিআরইউ সদস্যরা নৃত্য পরিবেশন করেন।