পিএসসির মাধ্যমে নিয়োগ হবে কানুনগো ও তহশিলদার

আপডেট : ১১ মার্চ ২০২০, ২১:৫৩

ইত্তেফাক রিপোর্ট

পিএসসির (বাংলাদেশ সরকারি কর্ম কমিশন) মাধ্যমে কানুনগো ও তহশিলদার পদে নিয়োগ প্রক্রিয়ার নীতিমালা তৈরির কাজ শেষ পর্যায়ে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। তিনি বলেন, খুব শিগিগরই পিএসসির মাধ্যমে নন-ক্যাডার কানুনগো ও তহশিলদার (ভূমি সহকারী কর্মকর্তা) নিয়োগ দেওয়া হবে। গতকাল নীলক্ষেতের ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের ঊর্ধ্বমুখী সম্প্রসারিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভূমিমন্ত্রী উপস্থিত প্রশিক্ষণরত সহকারী কমিশনারদের (এসি ল্যান্ড) সততা ও দক্ষতার সঙ্গে কাজ করার পরামর্শ দিয়ে বলেন, ভূমি মন্ত্রণালয়ে যতদিন আপনারা কাজ করবেন তার কর্মকৃতি মূল্যায়ন করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হবে। সেসব মূল্যায়নে আপনাদের পরবর্তী পদায়ন, পদোন্নতি এবং পদ থেকে প্রত্যাহার করার ক্ষেত্রে বিবেচনার জন্য সুপারিশ থাকবে।

ভূমি মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্বে) মো. সিরাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান বেগম উম্মুল হাছনা, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মো. আব্দুল মান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।