‘ট্রেবল’ জিতল বাংলাদেশ

আপডেট : ১১ মার্চ ২০২০, ২২:১৪

নতুন অর্জনের পালক যুক্ত হলো বাংলাদেশের ক্রিকেটে। জিম্বাবুয়েকে গতকাল শেষ টি-২০ ম্যাচে হারানোর মধ্য দিয়ে নতুন দিগন্তে পা রেখেছে লাল-সবুজের দল। ক্রিকেট ইতিহাসে এই প্রথমবার এক সিরিজের তিন ফরম্যাটেই প্রতিপক্ষের বিরুদ্ধে সিরিজ জিতেছে বাংলাদেশ। ফুটবলের ভাষায় যেটিকে ‘ট্রেবল’ জয় বলে আখ্যায়িত করা হয়। টেস্ট স্ট্যাটাস পরবর্তী সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে ২০ বছরের পথচলায় প্রথমবার এমন সাফল্য পেল টাইগাররা।

জিম্বাবুয়ের বিরুদ্ধে হোম সিরিজে মুমিনুল হকের নেতৃত্বে এবার একমাত্র টেস্টে জয় পেয়েছিল বাংলাদেশ। পরে মাশরাফি বিন মুর্তজার অধিনায়কত্বে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সফরকারীদের হোয়াইটওয়াশ করে টাইগাররা। গতকাল ক্রিকেটের খুদে  ফরম্যাটেও ২-০ তে সিরিজ জয়ের উত্সবে মাতে মাহমুদউল্লাহর দল। তাতেই রচিত হয় নতুন ইতিহাস।

গতকাল মিরপুর স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-২০ ম্যাচে জিম্বাবুয়েকে ৯ উইকেটে পরাজিত করে বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে ব্রেন্ডন টেইলরের হাফ সেঞ্চুরিতে ৭ উইকেটে ১১৯ রান তোলে জিম্বাবুয়ে। পরে লিটন দাসের হাফ সেঞ্চুরিতে ১৫.৫ ওভারে ১ উইকেটে ১২০ রান তুলে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ।

ক্যারিয়ারের চতুর্থ হাফ সেঞ্চুরি করা লিটন ৪৫ বলে ৮টি চারে অপরাজিত ৬০ রান করেন। ওপেনিংয়ে নাঈম শেখের সঙ্গে তার ৭৭ রানের জুটিই বাংলাদেশের জয়টা সহজ করে দেয়। নাঈম ৩৩ রান করে আউট হন। সৌম্যকে নিয়ে জয় নিশ্চিত করেই ফিরেন লিটন। সৌম্য অপরাজিত ২০ রান করেন। 

এর আগে ২০১৮ সালে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও তিন ফরম্যাটে সিরিজ জয়ের সুযোগ এসেছিল। কিন্তু সেই সুযোগকে কাজে লাগাতে পারেনি টাইগাররা। টেস্ট ও ওয়ানডে জিতলেও টি-২০ তে হেরে যায় বাংলাদেশ। প্রতিপক্ষের বিরুদ্ধে তিন ফরম্যাটে সিরিজ খেলার ১৯ বারের চেষ্টায় সফলতা পেল টাইগাররা। ২০০৮ সালের নভেম্বরে দক্ষিণ আফ্রিকা সফর দিয়ে এক সিরিজে তিন ফরম্যাটে খেলা শুরু করেছিল বাংলাদেশ।

মিরপুরে গতকাল আগে ব্যাট করা জিম্বাবুয়ে নির্ধারিত ২০ ওভার খেললেও বড়ো স্কোর গড়তে পারেনি। বাংলাদেশের বোলিং তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে তারা। ওপেনিংয়ে নামা টেইলর ৪৮ বলে অপরাজিত ৫৯ রান করেন। ক্রেইগ আরভিন ২৯, সিকান্দার রাজা ১২, কামুনহুকামউই ১০ রান করেন। বাংলাদেশের আল-আমিন, মুস্তাফিজ ২টি করে, সাইফউদ্দিন, মেহেদী হাসান ও আফিফ হোসেন ১টি করে উইকেট নেন। উইকেটশূন্য ছিলেন অভিষিক্ত পেসার হাসান মাহমুদ।