যশোরের চৌগাছায় অপ্রাপ্তবয়সী কন্যাকে বিয়ে দেওয়ার অপরাধে কন্যার পিতাকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে চৌগাছার নির্বাহী কর্মকর্তা মারুফুল আলম। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে উপজেলার সদর ইউনিয়নের মন্মথপুর গ্রামে।
নির্বাহী কর্মকর্তা জানায়, বিকেল চারটায় গোপন সংবাদে জানতে পারে উপজেলার সদর ইউনিয়নের মনমতপুর গ্রামের রবিউল ইসলামের জুনিয়র মাদ্রাসায় পড়ুয়া অপ্রাপ্তবয়সী মেয়েকে (নাজনিন) বিয়ে দেওয়া হচ্ছে। বিয়ে হচ্ছে একই উপজেলার হাকিমপুর ইউনিয়নের তাহেরপুর গ্রামের আবুল কাশেমের ছেলে মমিনুর রহমানের সঙ্গে। এ সময় নির্বাহী কর্মকর্তা পুলিশ ফোর্সসহ কন্যার পিত্রালয়ে উপস্থিত হয়। ততক্ষণে বিয়ে কাজ সম্পন্ন হয়ে গেছে।
নির্বাহী কর্মকর্তার উপস্থিতি টের পেয়ে সকলে বাড়ি থেকে পালিয়ে যায়। পরবর্তীতে নির্বাহী কর্মকর্তা বরপক্ষ আসা তিনটি মাইক্রো গাড়ির চাবি নিয়ে নেয়। স্থানীয় মেম্ববরকে শর্ত দিয়ে বলে, মেয়ের বাবা না এলে গাড়ি তিনটি থানায় দিয়ে দেবে। পরে মেয়ের বাবা উপস্থিত হলে তাকে নিয়ে নির্বাহী কর্মকর্তা বরপক্ষের বাড়িতে রাত ৮টার দিকে উপস্থিত হয়। কিন্তু নববধূকে নিয়ে বরপক্ষও স্বপরিবারে ততক্ষণ পালিয়ে যায়। পরে বাল্য বিয়ে দেওয়ার অপরাধে এবং মেয়ের ভুয়া জন্মসনদ দেখানোর অপরাধে ভ্রাম্যামান আদালতের মাধ্যমে মেয়ের পিতাকে আটক করে ত্রিশ হাজার টাকা জরিমানা আদায় করে।
এ ব্যাপারে নির্বাহী কর্মকর্তা মারুফুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলে, বিয়ে পড়ানো কাজীকে খোঁজা হচ্ছে। অপ্রাপ্তবয়সের মেয়েকে বিয়ে পড়ানোর অপরাধে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
ইত্তেফাক/নূহু
