বঙ্গবন্ধুর স্মৃতিময় ‘শেখ জামে মসজিদ’

আপডেট : ১২ মার্চ ২০২০, ২১:৪৯

স্মৃতির পাতায় স্থান পেয়েছে একটি মসজিদ। নীলফামারী জেলা সদরের চড়াইখোলা ইউনিয়নের পশ্চিম কুচিয়ার মোড় ফকির পাড়া গ্রামে ৫১ বছর আগে একটি মসজিদের বুনিয়াদ স্থাপন করেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার নাম অনুসারে ঐ মসজিদের নামকরণ করা হয় ‘শেখ জামে মসজিদ’। সেখানে নামাজও আদায় করেছিলেন তত্কালীন পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সভাপতি শেখ মুজিবুর রহমান। এলাকাবাসী জানান, সেদিন ছিল ১৯৬৯ সালের ২৩ অক্টোবর শুক্রবার। নীলফামারীর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দলীয় ব্যানারে জনসভা (প্রচারণা) করার জন্য ঢাকা থেকে মাইক্রোবাসে করে আসার পথে ঐ মসজিদে সফর সঙ্গীদের নিয়ে (নতুন মসজিদে) নামাজ আদায় করেন শেখ মুজিবুর রহমান। খড়ের ঘর দেখে বঙ্গবন্ধু প্রবীণ ব্যক্তিত্ব উমর শেখের হাতে ৫০০ টাকা দিয়ে বলেন, আমার জন্য দোয়া করবেন, আমার দল ক্ষমতায় এলে পাকা মসজিদ বানিয়ে দেব। এরপরই মসজিদটির নতুন নাম রাখা হয় শেখ জামে মসজিদ।  ১৯৭২ সালে বঙ্গবন্ধু রাষ্ট্রপতি হলে মসজিদ কমিটির লোকজন যোগাযোগ করেন। পরে ২৫ হাজার টাকা দেন বঙ্গবন্ধু। সেই টাকা দিয়ে মসজিদ কমিটি প্রথম ধাপে ইট সিমেন্ট দিয়ে ২০ হাত দৈর্ঘ্য ও ১০ হাত প্রস্থের একটি পাকা টিনশেড মসজিদ ঘর নির্মাণ করেন। এরপর ধীরে ধীরে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার অনুদানে এখন মডেল মসজিদে পরিণত হয়েছে। মসজিদটি বর্তমানে ৬৪ শতাংশ জমির ওপর প্রতিষ্ঠিত। নীলফামারী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট মমতাজুল হক জানান, ‘২০১৪ সালে জেলা পরিষদের অর্থায়নে ৭১ লাখ টাকা ব্যয়ে একটি মডেল মসজিদ নির্মাণ করা হয় এখানে। আগেই এর নামকরণ করা হয়েছিল শেখ জামে মসজিদ। বঙ্গবন্ধুর হাতে গড়া শেখ জামে মসজিদটি এখন এলাকার বাইরেও দেশের বিভিন্ন স্থানে ধর্মপ্রাণ মানুষের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

—লেখক : ইত্তেফাকের সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা