রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দুই শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের শাহ মখ্দুম হলের একটি কক্ষ থেকে অভিযুক্ত দুই শিক্ষার্থীকে গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন নগরীর মতিহার থানার ওসি মাসুদ পারভেজ। গ্রেফতার একজন বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী জাহিদ হাসান শোভন। সে বিশ্ববিদ্যালয়ে কোচিং এবং প্রাইভেট ব্যবসায় জড়িত। অন্যজন সমাজ বিজ্ঞান বিভাগের ১৫-১৬ সেশনের শিক্ষার্থী তরুণ কুণ্ডু।
এর আগে মামলার এজাহারে ভুক্তভোগীর অভিভাবক উল্লেখ করেন, প্রাইভেট পড়তে গিয়ে ঐ ছাত্রীর সঙ্গে সম্পর্ক তৈরি হয় জাহিদের। গত ১৫ ফেব্রুয়ারি কাজলা কমার্স কলেজের পেছনে অবস্থিত তরুণ কুণ্ডুর বোনের বাড়িতে ডেকে নিয়ে ঐ ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে জাহিদ। এরপর বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের ঘটনা কাউকে জানাতে নিষেধ করেন। পরবর্তীতে বিষয়টি জানতে পেরে ছাত্রীর বাবা গত বুধবার মতিহার থানায় দুই জনকে আসামি করে মামলা করেন।
