৫ কোটি টাকার নকল ওষুধ ও নিম্নমানের মাস্ক জব্দ

আপডেট : ১২ মার্চ ২০২০, ২২:০৭

রাজধানীর মিটফোর্ড এলাকায় রাতভর অভিযান চালিয়ে প্রায় ৫ কোটি টাকার নকল ওষুধ ও নিম্নমানের মাস্ক জব্দ করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। বুধবার রাত থেকে শুরু হওয়া এই অভিযান চলে মধ্যরাত পর্যন্ত। অভিযানে নেতৃত্বে ছিলেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। অভিযান চলে মিটফোর্ডের সুরেশ্বরী মার্কেটে। একজনকে আটক করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন উর রশিদ। এর আগে মঙ্গলবার এই মার্কেটে অভিযান চালিয়েছিল র্যাব। সেদিন নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার কারণে দুটি গোডাউন সিলগালা করেছিল র্যাব। কিন্তু সেই সিলগালার তালা ভেঙে মালামাল সরিয়ে নিয়েছে ব্যবসায়ীরা। এই ঘটনায় বাবুল নামের এক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়েছে।

র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম  বলেন, অভিযানে প্রায় ৫ কোটি টাকার অবৈধ ও নকল ওষুধ জব্দ করা হয়েছে। নিয়মনীতির তোয়াক্কা না করে নামিদামি বিভিন্ন ব্র্যান্ডের নামে মানহীন, নকল, নিম্নমানের ও আমদানি নিষিদ্ধ এসব ওষুধ রাজধানীর বিভিন্ন ফার্মেসিতে সরবরাহ করা হতো। তাই এগুলো জব্দ করে গোডাউন মালিকের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দেওয়া হয়েছে। আমরা চাই না এই ধরনের নকল ওষুধ দেশব্যাপী ছড়িয়ে পড়ুক। অভিযান অব্যাহত থাকবে।

র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, মানবদেহের জন্য ক্ষতিকর এসব ওষুধ জব্দের পাশাপাশি অভিযানে কিছু নিম্নমানের মাস্কও পাওয়া গেছে। তবে অভিযান শুরুর আগেই এখানে কর্মরত আট জন  পালিয়ে যায়। অভিযানে  উদ্ধার করা হয় ত্বকের সৌন্দর্য নষ্ট করার ক্রিম থেকে শুরু করে জীবনরক্ষাকারী বিভিন্ন ওষুধ। এই চক্রটি দীর্ঘদিন ধরে নকল এসব ওষুধ বাজারজাত করে আসছিল। এসব ওষুধ সেবনে মানুষের শরীরে ক্যানসারসহ নানা রোগ হতে পারে।