কাল শনিবার থেকে ১৫ এপ্রিল পর্যন্ত যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে নতুন কোনো পাসপোর্টধারী যাত্রী ভারত-বাংলাদেশ যাতায়াত করতে পারবে না। শুক্রবার বিকাল ৫টা পর্যন্ত পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে। তবে উল্লেখিত সময়ে যেসব বাংলাদেশি যাত্রী ভারতে অবস্থান করছেন তারা ফিরতে পারবেন এবং বাংলাদেশে যে সকল ভারতীয় পাসপোর্ট যাত্রী অবস্থান করছেন তারা নিজ দেশে ফিরে যেতে পারবেন। করোনা ভাইরাসের বিস্তার রোধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি আহসান হাবিব বৃহস্পতিবার বিকালে জানান, ভারতের পেট্রাপোল ইমিগ্রেশনে ১১ মার্চ দিল্লি থেকে আসা একটি প্রজ্ঞাপনের আলোকে পেট্রাপোল ইমিগ্রেশন বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনকে একটি চিঠি পাঠায়। সেখানে লেখা আছে—শুক্রবার রাত ১২টা থেকে নতুন করে কোনো পাসপোর্টধারী যাত্রী গ্রহণ করা হবে না। তবে যে সমস্ত বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রী ভারতে ঢুকে আছে তারা ইচ্ছা করলে বেরিয়ে যেতে পারবে। আর ভারতীয় পাসপোর্টধারী যাত্রী যারা বাংলাদেশে আছে তারা ফিরে আসলে তাদেরকে গ্রহণ করা হবে। নতুন করে কোনো পাসপোর্টধারী যাত্রীর প্রবেশের অনুমতি দেওয়া হবে না। এ সময় ওসি আহসান হাবিব জানান, এ সংক্রান্ত ব্যাপারে তাদের ইমিগ্রেশন কর্তৃপক্ষ এখনো পর্যন্ত কোনো দিকনির্দেশনা দেয়নি। তবে ভারত ইমিগ্রেশন যাত্রী গ্রহণ না করলে স্বাভাবিকভাবে যাত্রী চলাচল বন্ধ হয়ে যাবে।
বেনাপোল চেকপোস্ট কাস্টমস রাজস্ব কর্মকর্তা আব্দুল হান্নান জানান, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে যাত্রী চলাচল কমে গেছে।
বেনাপোল কাস্টম হাউসের সহকারী কমিশনার উত্তম চাকমা জানান, ১৪ মার্চ থেকে এ বন্দরের বেনাপোল চেকপোস্ট দিয়ে কোনো পাসপোর্ট যাত্রী ভারত-বাংলাদেশ যাতায়াত করতে পারবেন না। তবে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধের কোনো চিঠি বেনাপোল কাস্টম হাউসে আসেনি। যদি এরকম কোনো নির্দেশনা আসে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।
