বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

চাকরির নামে প্রতারণার দায়ে আটক এক

আপডেট : ১২ মার্চ ২০২০, ২২:১৫

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কর্মচারী পদে চাকরি দেওয়ার প্রলোভন ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে সুমাইয়া আক্তার সোমা (২৪) নামে এক জনকে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীরা। পরে কোতোয়ালি থানায় মামলা দায়ের শেষে তাকে পুলিশে সোপর্দ করা হয়। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা মো. মহিউদ্দীন হাওলাদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ বিষয়ে তিনি বলেন, আটককৃত সোমা ছয় জন থেকে ১ লাখ ৪২ হাজার টাকা হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেছেন। আটক সুমাইয়া বলেন, বেগম রোকেয়া হলের কর্মচারী মো. হেলালের প্ররোচনায় বিশ্ববিদ্যালয়ে কর্মচারী পদে চাকরি দেওয়ার নামে ঐ টাকা নিয়েছিলেন। এর মধ্যে ১ লাখ টাকা হেলালকে দিয়েছেন বলে জানান তিনি। এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. মো. আজহারুল হক বলেন, প্রতারণার সঙ্গে কর্মচারী হেলালের সম্পৃক্ততা আছে কি না সেটি তদন্ত করা হবে।