জিম্বাবুয়ের বিরুদ্ধে আন্তর্জাতিক সিরিজ শেষ। পাকিস্তানে টেস্ট খেলার পর হোম সিরিজ খেলেছে বাংলাদেশ। চলতি মাসে বাংলাদেশ জাতীয় দলের আর কোনো ব্যস্ততা নেই। কিছুটা অবসরের সময় পাচ্ছেন জাতীয় দলের কোচিং স্টাফরা। ছুটিতে গতকালই নিজ নিজ দেশে ফিরে গেছেন বাংলাদেশ দলের কোচরা। গতকাল সকালে হেড কোচ রাসেল ডমিঙ্গো জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার ফ্লাইটে ঢাকা ছাড়ছেন তারা।
ডমিঙ্গো, ব্যাটিং কোচ নেইল ম্যাকেঞ্জি, ফিল্ডিং কোচ রায়ান কুক, ফিজিও জুলিয়ান ক্যালেফাতো এক ফ্লাইটে গিয়েছেন দক্ষিণ আফ্রিকা। বোলিং কোচ ওটিস গিবসনের দেশ ওয়েস্ট ইন্ডিজ, যদিও পরিবারসহ লন্ডনেই থাকেন এ ক্যারিবিয়ান। বাংলাদেশের হেড কোচ জানিয়েছেন, এপ্রিলে পাকিস্তান সফরের আগে ঢাকায় ফিরে আসবেন তিনি। এই সফরে করাচিতে একটি ওয়ানডে ও আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় টেস্ট খেলার কথা রয়েছে বাংলাদেশের। যদিও করোনা ভাইরাসের আতঙ্কে এ সফর অনিশ্চিত হয়ে পড়েছে। বৈশ্বিক পরিস্থিতি, করাচির অবস্থা মিলিয়ে পিছিয়ে যেতে পারে তামিম-মুমিনুলদের তৃতীয় দফা পাকিস্তান সফর।
